
নবী হগয়ের পুস্তক
ভূমিকা
পুরাতন নিয়মের এই ছোট বইটির সংবাদ খুবই সহজ- “উপাসনা-ঘরটি আবার তৈরী কর।” নির্বাসিত লোকেরা দেশে ফিরে আসবার ১৬ বছর পরেও উপাসনা-ঘরটি তৈরী করা শেষ হয় নি (ইষ্রা ৫:১ পদ দেখুন)। ঈশ্বর হগয়কে পাঠিয়েছিলেন যেন তিনি উপাসনা-ঘরটি আবার তৈরী করবার কাজে লোকদের উৎসাহ দিতে পারেন এবং জিনিসপত্রের প্রতি আকর্ষণের জন্য বকুনি দিতে পারেন। বাবিল থেকে ফিরে আসবার পরে যে তিনজন নবী ইস্রায়েলীয়দের কাছে ঈশ্বরের বাক্য বলেছিলেন তাঁদের মধ্যে হগয় ছিলেন প্রথম ব্যক্তি। অন্য দু’জন ছিলেন সখরিয় ও মালাখি। হগয় তাঁর দেওয়া সংবাদের প্রধান বিষয়ের সংগে আরও বলেছিলেন ঈশ্বরের প্রতি ভক্তিহীন জাতিদের শাস্তির কথা। এছাড়া ঈশ্বরের লোকেরা যে ভবিষ্যতে গৌরব লাভ করবে তা-ও তিনি প্রকাশ করেছিলেন। হগয়ের ভবিষ্যদ্বাণীর মধ্যে দু’টি বিশেষ কথা ছিল, তা হল: “সদাপ্রভু বলছেন, আমি তোমাদের সংগে সংগে আছি” (১:১৩ ও ২:৪ পদ) এবং “তোমরা কিভাবে চলছ তা ভাল করে চিন্তা করে দেখ” (১:৫,৭; ২:১৫,১৮ পদ)।
বিষয় সংক্ষেপ:
(ক) উপাসনা-ঘর আবার তৈরী করবার আদেশ (১ অধ্যায়)
(খ) যারা উপাসনা-ঘর তৈরী করছিল তাদের উৎসাহ দান (২:১-৯ পদ)
(গ) পাপ সম্বন্ধে চেতনা দান (২:১০-১৯ পদ)
(ঘ) ভবিষ্যতের বিচার এবং পুনস্থাপন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী (২:২০-২৩ পদ)