Select Page

বাইবেল ( সহজ বাংলা )



12

ইয়োবের উত্তর

1তখন ইয়োব উত্তরে বললেন,

2“তোমরা ভাব তোমরাই কেবল জ্ঞানী মানুষ

আর তোমাদের মৃত্যুর সংগে সংগে জ্ঞানও মরে যাবে।

3কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে;

আমি তোমাদের চেয়ে নীচু নই;

তোমরা যা বলেছ তা কে না জানে?

4আমি ঈশ্বরকে ডাকতাম আর তিনি আমাকে উত্তর দিতেন,

তবুও আমার বন্ধুদের কাছে আমি একটা হাসির পাত্র হয়েছি;

সৎ এবং নির্দোষ হলেও আমি এখন হাসির পাত্র ছাড়া আর কিছু নই।

5সুখী লোকেরা দুঃখ-কষ্টকে তুচছ করে;

তারা মনে করে যাদের পা পিছ্‌লে যায় দুঃখ-কষ্ট তাদেরই জন্য।

6লুটেরাদের তাম্বুতে কোন গোলমাল নেই;

যারা ঈশ্বরকে বিরক্ত করে তারা নিরাপদেই থাকে;

ঈশ্বরই যেন তাদের সব কিছু দিয়েছেন।

7“পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিখাবে;

আকাশের পাখীদের বল, তারাও তোমাকে বলে দেবে;

8পৃথিবীকে বল, সে-ও তোমাকে শিখাবে;

সাগরের মাছেরাও তোমাকে বলে দেবে।

9এরা সবাই জানে সদাপ্রভুর শক্তিই এ সব করেছে।

10তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে;

সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে।

11জিভ্‌ যেমন খাবারের স্বাদ নেয়

তেমনি কানও কথার পরীক্ষা করে।

12তোমরা বলে থাক, বুড়ো লোকদের কাছে জ্ঞান পাওয়া যায়

আর দীর্ঘ জীবন বুদ্ধির যোগান দেয়।

13“কিন্তু জ্ঞান ও শক্তি ঈশ্বরের;

পরামর্শ ও বুদ্ধি তাঁরই।

14তিনি ভাঙ্গলে আর তা গড়া যায় না;

তিনি কাউকে জেলে আটক করলে খালাস করা যায় না।

15তিনি জল বন্ধ করে রাখলে খরা হয়;

তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়।

16শক্তি ও জ্ঞান তাঁরই;

যাকে ছলনা করা হয়েছে আর যে ছলনা করে

তারা দু’জনেই তাঁর হাতের নীচে।

17তিনি মন্ত্রীদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেন

আর বিচারকদের বোকা বানান।

18তিনি রাজার পোশাক কেড়ে নেন

আর তাঁকে বন্দী করেন।

19তিনি পুরোহিতদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেন

আর যারা শিকড় গেড়ে বসে আছে তাদের উপ্‌ড়ে ফেলেন।

20বিশ্বস্ত লোকদের মুখ তিনি বন্ধ করেন

আর বুড়ো লোকদের বিবেচনা-শক্তি নষ্ট করেন।

21তিনি উঁচু পদের লোকদের উপর ঘৃণা ঢেলে দেন

আর শক্তিমানদের অস্ত্রহীন করেন।

22অন্ধকারে লুকানো বিষয়গুলো তিনি প্রকাশ করেন

আর ঘন ছায়াকে আলোতে আনেন।

23তিনি জাতিদের মহান করেন আবার ধ্বংসও করেন,

তাদের বাড়িয়ে তোলেন আবার বন্দীদশায়ও নিয়ে যান।

24পৃথিবীর নেতাদের বিচারবুদ্ধি তিনি দূর করেন,

পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন।

25তারা আলো ছাড়াই অন্ধকারে হাঁত্‌ড়ে বেড়ায়;

তিনি তাদের মাতালের মত হাঁটান।