Select Page

বাইবেল ( সহজ বাংলা )



26

ইয়োবের উত্তর

1তখন উত্তরে ইয়োব বললেন,

2“তুমি শক্তিহীনকে এ কেমন সাহায্য করলে

আর দুর্বলকে এ কেমন রক্ষা করলে?

3জ্ঞানহীনকে এ কেমন পরামর্শ দিলে

আর মহাজ্ঞান প্রকাশ করলে?

4তুমি কার সাহায্যে এই সব কথা বলছ?

কার কথা তোমার মুখ থেকে বের হয়ে এসেছে?

5“মৃত লোকেরা ভয়ে ভীষণ কাঁপছে;

তারা কাঁপছে জলের নীচে আর জলে বাসকারীদের নীচে।

6ঈশ্বরের সামনে মৃতস্থান ঢাকা নেই;

ধ্বংসের স্থান খোলাই রয়েছে।

7তিনি শূন্যে উত্তরের আকাশ বিছিয়ে দিয়েছেন;

শূন্যের মধ্যে পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।

8তাঁর মেঘের মধ্যে তিনি জল আট্‌কে রাখেন,

কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।

9তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন,

তার উপরে তাঁর মেঘ বিছিয়ে দেন।

10আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয়

সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন।

11আকাশের থামগুলো কেঁপে ওঠে,

তাঁর বকুনিতে সেগুলো চম্‌কে ওঠে।

12তিনি নিজের শক্তিতে সমুদ্রকে তোলপাড় করেন;

তাঁর দক্ষতা দিয়ে তিনি রহবকে টুকরা টুকরা করেন।

13তাঁর নিঃশ্বাসে আকাশ পরিষ্কার হয়;

তাঁর হাত পালিয়ে যাওয়া সাপকে বিদ্ধ করে।

14এই সবই তাঁর কাজের মাত্র একটুখানি প্রকাশ,

আমরা তাঁর বিষয়ে কেবল একটুখানি ফিস্‌ফিসানি শুনতে পাই;

তাঁর শক্তির গর্জন কে বুঝতে পারে?”