Select Page

বাইবেল ( সহজ বাংলা )



34

1তারপর ইলীহূ বললেন,

2“হে জ্ঞানী লোকেরা, আমার কথা শুনুন;

হে বুদ্ধিমানেরা, আমার কথায় কান দিন।

3জিভ্‌ যেমন করে খাবারের স্বাদ নেয়

তেমনি করে কান লোকের কথা পরীক্ষা করে দেখে।

4কোন্‌টা ঠিক, আসুন, আমরা তা বিচার করে দেখি;

কোন্‌টা ভাল আমরা তা খুঁজে দেখি।

5“ইয়োব বলছেন, ‘আমি নির্দোষ,

কিন্তু ঈশ্বর ন্যায়ভাবে আমার বিচার করেন নি।

6আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে;

বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’

7ইয়োবের মত কেউ আছে কি

যিনি জলের মত করে ঠাট্টা-বিদ্রূপ খেয়েছেন?

8যারা মন্দ কাজ করে তিনি তাদের সংগে চলেন;

তিনি দুষ্ট লোকদের সংগী হন।

9তিনি বলেন, ‘ঈশ্বরকে সন্তুষ্ট করে

মানুষের কোন লাভই হয় না।’

10“কাজেই হে বুদ্ধিমান লোকেরা, আমার কথা শুনুন।

ঈশ্বর যে মন্দ কাজ করেন,

সর্বশক্তিমান যে অন্যায় করেন তা দূরে থাকুক।

11তিনি মানুষকে তার কাজের ফল দেন;

তার আচার-ব্যবহার অনুসারে তিনি তার পাওনা দেন।

12ঈশ্বর কখনও মন্দ কাজ করেন না,

সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।

13পৃথিবীর ভার কি কেউ তাঁকে দিয়েছে?

গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে?

14যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন

আর তাঁর আত্মা ও নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নিতেন,

15তবে সব মানুষ একসংগে ধ্বংস হয়ে যেত,

তারা আবার ধুলা হয়ে যেত।

16“যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন;

আমার কথায় কান দিন।

17যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন?

আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন?

18তিনি তো রাজাদের বলেন, ‘তোমরা অপদার্থ,’

আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’

19তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না,

গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না,

কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ।

20তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে;

তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়;

কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়।

21“মানুষের চলাফেরার উপর ঈশ্বরের চোখ আছে;

তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।

22এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেই

যেখানে মন্দ কাজ করা লোকেরা লুকাতে পারে।

23মানুষের বিচারের জন্য ঈশ্বরের কোন খোঁজ নেবার দরকার নেই;

24তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেন

আর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।

25তিনি তাদের কাজের হিসাব রাখেন বলে

রাতের বেলা তিনি তাদের ধ্বংস করে ফেলেন

আর তারা চুরমার হয়ে যায়।

26তাদের দুষ্টতার জন্য তিনি সকলের সামনে তাদের শাস্তি দেন,

27কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে;

তাঁর কোন আদেশের প্রতি তাদের খেয়াল নেই।

28তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়;

তিনি অভাবীদের কান্না শোনেন।

29অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না;

তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না।

তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন,

30যাতে ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোক রাজত্ব করতে না পারে

আর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।

31“কোন লোক তো ঈশ্বরকে বলে নি,

‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;

32আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও;

যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’

33আপনি যখন ঈশ্বরকে অগ্রাহ্য করছেন

তখন ঈশ্বর কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন?

মন স্থির করা আপনার কাজ, আমার নয়;

কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।

34“বুদ্ধিমান লোকেরা আমাকে বলেন,

জ্ঞানী লোকেরা আমার কথা শুনে আমাকে বলেন,

35‘ইয়োব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন,

তাঁর কথায় কোন বুদ্ধির পরিচয় নেই।’

36ইয়োবের পরীক্ষা সম্পূর্ণভাবে হলেই ভাল,

কারণ তিনি দুষ্ট লোকের মত কথা বলছেন।

37তাঁর পাপের সংগে তিনি বিদ্রোহ যোগ করছেন;

তিনি আমাদের সামনে ঈশ্বরকে অপমান করছেন

আর ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলছেন।”