Select Page

বাইবেল ( সহজ বাংলা )



ইয়োবের বিবরণ

ভূমিকা

ইয়োব নামে বইটির বিষয়বস্তু হল মানুষের কষ্ট পাবার রহস্য ও যন্ত্রণা ভোগের সমস্যা। এই বইটির মধ্য দিয়ে আমরা ইয়োবের ধৈর্য এবং ঈশ্বরের মমতা ও করুণা সম্বন্ধে জানতে পারি। এই বইয়ে যিহূদীদের সম্বন্ধে, মিসর থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার সম্বন্ধে এবং মোশির আইন-কানুন সম্বন্ধে কোন উল্লেখ নেই। ইয়োব ছিলেন তাঁর নিজের পরিবারের পুরোহিত এবং অনেক পশুপালের মালিক। তিনি অনেক দিন বেঁচে ছিলেন যা এখন স্বাভাবিক নয়। এই সব থেকে বুঝা যায় যে, ইয়োবের জীবন-যাপন অনেকটা অব্রাহামের সময়কার জীবন যাপনের মত। অনেক পণ্ডিত ব্যক্তি বলেন যে, ইয়োব ছিলেন অব্রাহামের আগে। ইয়োব প্যালেষ্টাইন দেশের দক্ষিণ-পূর্ব দিকে আরব দেশের মধ্যে বাস করতেন। ইব্রীয় ভাষায় লেখা ইয়োব নামের বইটি নাটক হিসাবে কবিতার আকারে লেখা হয়েছিল। সেই নাটকের বিশেষ বিশেষ চরিত্রে ছিলেন ইয়োব ও তাঁর চারজন বন্ধু (ইলীফস, বিল্‌দদ, সোফর ও ইলীহূ)। তাঁদের মধ্যে তিনজন বয়স্ক বন্ধু পাল পালা করে ইয়োবের কষ্টের সমস্যা নিয়ে তাঁর সংগে আলোচনা করেছিলেন; কিন্তু চারজন বন্ধুর মধ্যে অল্প বয়স্ক বন্ধুটি উত্তেজিত হয়ে তাঁর মতামত জানাবার জন্য বয়স্কদের কথায় বাধা দিয়েছিলেন। এই নাটকের গুরুত্বপূর্ণ অংশ ছিল শেষের দিকে যখন ঈশ্বর নিজে তাঁদের সকলের কথায় বাধা দিয়ে সোজাসুজি ইয়োবের সংগে কথা বলেছিলেন।

বিষয় সংক্ষেপ:

(ক) ইয়োবের পরীক্ষা (১ ও ২ অধ্যায়)

(খ) ইয়োব ও তাঁর বন্ধুদের মধ্যে তর্কাতর্কি (৩-৩১ অধ্যায়)

(1) প্রথম পর্বের বক্তৃতা (৩-১৪ অধ্যায়)

(2) দ্বিতীয় পর্বের বক্তৃতা (১৫-২১ অধ্যায়)

(3) তৃতীয় পর্বের বক্তৃতা (২২-৩১ অধ্যায়)

(গ) ইলীহূর বাধা দান (৩২-৩৭ অধ্যায়)

(ঘ) সদাপ্রভুর নিজেকে প্রকাশ (৩৮:১-৪২:৬ পদ)

(ঙ) ইয়োবের জয়লাভ (৪২:৭-১৭ পদ)