Select Page

বাইবেল ( সহজ বাংলা )



3

ঈশ্বরের লোকের দুঃখ ও অনুরোধ

1আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের শাস্তি পেয়েছে।

2তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন;

তিনি আমাকে আলোতে নয়, কিন্তু অন্ধকারে হাঁটিয়েছেন;

3সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধে

বারে বারে তাঁর হাত তুলেছেন।

4আমার চামড়া ও মাংসকে তিনি শুকিয়ে ফেলেছেন

আর হাড়গুলো ভেংগে দিয়েছেন।

5তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়ে

আমাকে আটক করে ঘিরে রেখেছেন।

6যারা অনেক দিন আগে মারা গেছে

তাদের মত করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন।

7আমি যাতে পালাতে না পারি

সেজন্য তিনি আমার চারদিক ঘিরে রেখেছেন;

আমাকে ভারী শিকল দিয়ে বেঁধেছেন।

8যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি,

তখন আমার প্রার্থনা তিনি শোনেন না।

9ভারী ভারী পাথর দিয়ে তিনি আমার পথ বন্ধ করেছেন;

আমার পথ তিনি বাঁকা করে দিয়েছেন।

10আমার কাছে তিনি ওৎ পেতে থাকা ভাল্লুক

আর লুকিয়ে থাকা সিংহের মত;

11পথ থেকে তিনি আমাকে টেনে এনে টুকরা টুকরা করেছেন

এবং আমাকে একা ফেলে রেখে গেছেন।

12তাঁর ধনুকে টান দিয়ে

তিনি আমাকে তাঁর তীরের লক্ষ্যস্থান করেছেন।

13তাঁর তূণ থেকে তীর নিয়ে

তিনি আমার অন্তর ছিদ্র করেছেন।

14আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি;

তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।

15তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন,

বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন।

16তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেংগেছেন

আর ধুলার মধ্যে আমাকে মাড়িয়েছেন।

17শান্তি আমার কাছ থেকে দূর করা হয়েছে;

মংগল কি, তা আমি ভুলে গেছি।

18তাই আমি বলি, “আমার শক্তি চলে গেছে।

সদাপ্রভুর কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলাম

তা-ও আর নেই।”

19আমার কষ্ট ও ঘুরে বেড়াবার কথা মনে কর;

মনে কর আমার তেতো ও বিষে পূর্ণ জীবনের কথা।

20তা সব সময়ই আমার মনে আছে,

আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে।

21তবুও আমার আশা আছে,

কারণ আমি এই কথা মনে করি:

22সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না,

কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না;

23প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়;

তাঁর বিশ্বস্ততা মহৎ।

24আমি মনে মনে বলি, “সদাপ্রভুই আমার সম্পত্তি,

তাই আমি তাঁর উপর আশা রাখব।”

25সদাপ্রভুর উপর যারা আশা রাখে ও তাঁর উপর নির্ভর করে

তাদের তিনি মংগল করেন।

26সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্ত

নীরবে অপেক্ষা করা ভাল।

27যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।

28সদাপ্রভুই সেই জোয়াল তার উপর দিয়েছেন,

তাই সে একা চুপ করে বসে থাকুক।

29সে ধুলাতে মুখ ঢাকুক,

হয়তো আশা থাকতেও পারে।

30যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,

নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।

31প্রভু তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না।

32যদি বা তিনি দুঃখ দেন,

তবুও তাঁর অটল ভালবাসা অনুসারে তিনি করুণা করবেন,

33কারণ তিনি ইচ্ছা করে

মানুষকে কষ্ট কিম্বা মনোদুঃখ দেন না।

34দেশের সব বন্দীদের পায়ে দলানো,

35মহান ঈশ্বরের সামনে মানুষের অধিকারকে অস্বীকার করা,

36ন্যায়বিচার হতে না দেওয়া-

এ সব কি প্রভু দেখবেন না?

37যদি সদাপ্রভু আদেশ না দেন

তবে কে মুখে বলে কিছু ঘটাতে পারে?

38মহান ঈশ্বরের মুখ থেকেই কি

অমংগল ও মংগল বের হয় না?

39পাপের জন্য শাস্তি পেলে পর

মানুষ কেন তা নিয়ে নালিশ করবে?

40এস, আমরা আমাদের জীবন-পথের পরীক্ষা করি ও যাচাই করি

এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই।

41এস, আমরা আমাদের অন্তর ও হাত

স্বর্গে ঈশ্বরের দিকে উঠাই আর বলি,

42“আমরা পাপ করেছি, বিদ্রোহ করেছি;

তুমি ক্ষমা কর নি।

43তুমি ক্রোধ দিয়ে নিজেকে ঢেকে আমাদের তাড়া করেছ;

মমতা না করে তুমি মেরে ফেলেছ।

44তুমি মেঘ দিয়ে নিজেকে ঢেকেছ

যাতে কোন প্রার্থনা তার মধ্য দিয়ে যেতে না পারে।

45জাতিদের মধ্যে তুমি আমাদের করেছ

ময়লা ও আবর্জনার মত।

46আমাদের সব শত্রুরা আমাদের বিরুদ্ধে

মুখ বড় করে হা করেছে।

47আমরা ভয়, ফাঁদ, সর্বনাশ ও ধ্বংসের মুখে পড়েছি।”

48আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে,

সেজন্য আমার চোখ থেকে জলের স্রোত বইছে।

49আমার চোখ থেকে স্রোত বইতেই থাকবে, থামবে না,

50যে পর্যন্ত না সদাপ্রভু স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখেন।

51আমার শহরের সব স্ত্রীলোকদের বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি,

তাতে আমার প্রাণ কাঁদছে।

52বিনা কারণে যারা আমার শত্রু হয়েছিল

তারা পাখীর মত করে আমাকে শিকার করেছে।

53তারা গর্তের মধ্যে আমার প্রাণ শেষ করে দেবার চেষ্টা করেছে

এবং আমার উপর পাথর ছুঁড়েছে।

54আমার মাথার উপর দিয়ে জল বয়ে গেছে,

আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি।

55হে সদাপ্রভু, সেই গভীর গর্তের মধ্য থেকে

আমি তোমাকে ডাকলাম।

56তুমি আমার এই মিনতি শুনেছিলে,

“সাহায্যের জন্য আমার কান্নার প্রতি

তুমি কান বন্ধ করে রেখো না।”

57আমি যখন তোমাকে ডেকেছি তখন তুমি কাছে এসে বলেছ,

“ভয় কোরো না।”

58হে প্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ,

তুমি আমার প্রাণ মুক্ত করেছ।

59হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে

তা তো তুমি দেখেছ।

আমার প্রতি ন্যায়বিচার কর।

60তারা কিভাবে প্রতিশোধ নিয়েছে তা তুমি দেখেছ,

দেখেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র।

61হে সদাপ্রভু, তাদের টিট্‌কারির কথা তুমি শুনেছ,

শুনেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা।

62আমার শত্রুরা সারাদিন ধরে আমার বিরুদ্ধে

কত ফিস্‌ ফিস্‌ করে ও নানা কথা বলে।

63দেখ, তাদের সমস্ত কাজের মধ্যে তারা গান গেয়ে গেয়ে

আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে।

64হে সদাপ্রভু, তাদের কাজ অনুসারে তুমি তাদের ফল দাও।

65তাদের অন্তর কঠিন কর,

আর তোমার অভিশাপ তাদের উপরে পড়ুক।

66তুমি ক্রোধে তাদের তাড়া কর,

তোমার আকাশের নীচ থেকে তাদের ধ্বংস করে ফেল।