Select Page

বাইবেল ( সহজ বাংলা )



5

ক্ষমার জন্য প্রার্থনা

1হে সদাপ্রভু, আমাদের উপর যা ঘটেছে তা মনে করে দেখ;

তুমি তাকাও, আমাদের অপমান দেখ।

2আমাদের ভাগের সম্পত্তি বিদেশীদের হাতে দেওয়া হয়েছে,

আর বাড়ী-ঘর দেওয়া হয়েছে ভিন্ন জাতির লোকদের।

3আমরা অনাথ হয়েছি, আমাদের বাবা নেই,

আমাদের মায়েরা বিধবা হয়েছে।

4আমাদের খাবার জল কিনে খেতে হয়;

কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।

5যারা আমাদের তাড়া করছে

তারা আমাদের কাছে এসে পড়েছে;

আমরা ক্লান্ত হয়েছি, বিশ্রাম পাচ্ছি না।

6যথেষ্ট খাবার পাবার জন্য

আমরা মিসর ও আসিরিয়ার অধীন হয়েছি।

7আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছিলেন;

তাঁরা এখন আর নেই,

কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।

8দাসেরা আমাদের শাসন করছে;

তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।

9মরু-এলাকায় ডাকাতদের ভয়ে

প্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।

10আমাদের চামড়া তুন্দুরের মত গরম;

খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।

11সিয়োনে স্ত্রীলোকদের নষ্ট করা হয়েছে;

যিহূদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে কুমারী মেয়েদের।

12উঁচু পদের কর্মচারীদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে;

বৃদ্ধ নেতাদের সম্মান দেখানো হয় নি।

13যুবকদের যাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে;

ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।

14শহর-ফটকের কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না;

যুবকেরা বাজনা বাজানো থামিয়েছে।

15আমাদের অন্তর থেকে আনন্দ চলে গেছে

আমরা নাচের বদলে শোক করছি।

16আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে।

ধিক্‌ আমাদের, কারণ আমরা পাপ করেছি!

17এইজন্য আমাদের অন্তর দুর্বল হয়ে গেছে,

এই সব কারণে আমাদের চোখের তেজ কমে গেছে।

18সিয়োন পাহাড় জনশূন্য হয়ে পড়ে আছে;

শিয়ালেরা তার উপর ঘুরে বেড়ায়।

19হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর;

তোমার সিংহাসন বংশের পর বংশ ধরে স্থায়ী।

20তুমি কি চিরকালের জন্য আমাদের ভুলে যাবে?

এতদিন ধরে কেন তুমি আমাদের ত্যাগ করে আছ?

21-22হে সদাপ্রভু, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক,

যদি তুমি আমাদের উপর ভীষণ অসন্তুষ্ট না হয়ে থাক,

তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও

যাতে আমরা ফিরে আসতে পারি;

আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও। ॥ভব