Select Page

বাইবেল ( সহজ বাংলা )



যিরমিয়ের বিলাপ

ভূমিকা

বিলাপ বইটি হল পাঁচটা কবিতার সমষ্টি যা ৫৮৬ খ্রীষ্টপূর্বাব্দে বাবিলীয়দের দ্বারা যিরূশালেম ধ্বংসের বিষয় নিয়ে লেখা হয়েছিল। যাতে সহজে মুখস্থ হয় সেইজন্য সম্ভবতঃ চারটি কবিতার লাইনে ইব্রীয় বর্ণমালার ক্রম অনুসারে সাজানো হয়েছে (১, ২, ৩ ও ৪ অধ্যায়)। প্রত্যেকটি পদ আরম্ভ হয়েছে ইব্রীয় বর্ণমালার ক্রম অনুসারে; কেবল ৩ অধ্যায়ে প্রতি তিনটি পদ ক্রম অনুসারে একটি অক্ষর দিয়ে শুরু হয়েছে। ইব্রীয় বর্ণমালার মধ্যে যতগুলো বর্ণ আছে (২২) বিলাপের ৫ম অধ্যায়ে ঠিক ততগুলো পদ আছে, কিন্তু বর্ণমালার ক্রম অনুসারে তা ব্যবহার করা হয় নি। যিরূশালেমের পতনের সময়টা ছিল ভীষণ কষ্টের। এই ভয়ংকর ঘটনার ফলে যিরমিয়ের অন্তর নিংড়ে বের হয়ে এসেছিল এই কবিতা। তাঁর ভবিষ্যদ্বাণীগুলোর সফলতার জন্যে খুশী হওয়ার বদলে তাঁর জাতির লোকদের দুর্দশা দেখে তিনি খুব কান্নাকাটি করেছিলেন।

বিষয় সংক্ষেপ:

(ক) যিরূশালেমের ভয় জাগানো জনশূন্যতা (১:১-১১ পদ)

(খ) পাপ স্বীকার ও লোকদের প্রার্থনা (১:১২-২২ পদ)

(গ) যিরূশালেমের উপর ঈশ্বরের দেওয়া শাস্তি (২ অধ্যায়)

(ঘ) দেশে থাকা বাকী লোকদের দুঃখপ্রকাশ ও পাপস্বীকার (৩ অধ্যায়)

(ঙ) যিহূদার অতীত, বর্তমান ও ভবিষ্যতের অবস্থা (৪ অধ্যায়)

(চ) দয়া ও দেশে পুনস্থাপনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা (৫ অধ্যায়)