
নহিমিয়ের পুস্তক
ভূমিকা
নহিমিয়ের স্মৃতিতে যা কিছু ছিল এবং রাস্ট্রীয় দলিলপত্র যা তিনি খুঁজে পেয়েছিলেন তা এই বইটিতে লেখা আছে। বুদ্ধি-কৌশল, পরিচালনা-শক্তি বা কর্মক্ষমতা এবং নেতৃত্ব দানের যে গুণগুলো পারস্যের রাজার পানীয় পরিবেশক হিসাবে প্রয়োজন তা সবই নহিমিয়ের মধ্যে ছিল। যিহূদীরা বাবিল থেকে নিজেদের দেশে ফিরে আসবার সময়ের মধ্যে তাদের যে তিনজন মহান নেতা ছিলেন তাঁদের মধ্যে নহিমিয় ছিলেন একজন। (সেই তিনজন ছিলেন সরুব্বাবিল, ইষ্রা ও নহিমিয়।) ইষ্রা যিরূশালেমে ফিরে আসবার তেরো বছর পর যিরূশালেমের খারাপ অবস্থার বিষয় নিয়ে ঈশ্বর নহিমিয়ের মনে একটা চাপের সৃষ্টি করলেন। সেই অবস্থার পরিবর্তন করবার অনুমতি পেয়ে নহিমিয় সেই রকম নেতৃত্ব দান করলেন যা ইস্রায়েলীয়দের খুব বেশী দরকার ছিল। নহিমিয়ের প্রার্থনায় পূর্ণ জীবনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ইষ্রা পুস্তকের বিষয়বস্তু হল উপাসনা-ঘর ও উপাসনার কাজ, আর নহিমিয় পুস্তকের বিষয়বস্তু হল যিরূশালেমের দেয়াল গাঁথা ও প্রতিদিনের শাসন-কাজ।
বিষয়-সংক্ষেপ:
(ক) নহিমিয়ের অধীনে যিরূশালেমের দেয়াল গাঁথা (১-৭ অধ্যায়)
(খ) ইষ্রা ও নহিমিয়ের সময়ে যিহূদীদের সংশোধন (৮-১৩ অধ্যায়)