Select Page

বাইবেল ( সহজ বাংলা )



13

1জ্ঞানী ছেলে বাবার শাসন মানে,

কিন্তু ঠাট্টা-বিদ্রূপ কারী সংশোধনে কান দেয় না।

2মানুষ নিজের কথার দ্বারা মংগল লাভ করতে পারে;

অবিশ্বস্ত লোক অত্যাচার করতে চায়।

3যে তার মুখ সাবধানে রাখে সে তার প্রাণ রক্ষা করে,

কিন্তু যে অসাবধানে কথা বলে তার সর্বনাশ হয়।

4অলস পেতে চায় কিন্তু কিছুই পায় না,

কিন্তু পরিশ্রমী লোকেরা তাদের চাওয়ার অতিরিক্ত পায়।

5ঈশ্বরভক্ত লোক মিথ্যাকে ঘৃণা করে,

কিন্তু দুষ্ট লোক লজ্জা ও দুর্নামের কারণ হয়।

6ঈশ্বরের প্রতি ভক্তি সৎ লোককে রক্ষা করে,

কিন্তু দুষ্টতা পাপীদের সর্বনাশ ঘটায়।

7কেউ নিজেকে ধনী দেখায় কিন্তু তার কিছুই নেই;

আবার কেউ নিজেকে গরীব দেখায় কিন্তু তার অনেক ধন আছে।

8ধনীকে তার ধন দিয়েই নিজের প্রাণ রক্ষা করতে হয়,

কিন্তু গরীব লোককে কেউ ভয় দেখায় না।

9ঈশ্বরভক্তদের আলো উজ্জ্বলভাবে জ্বলে,

কিন্তু দুষ্টদের বাতি নিভে যায়।

10অহংকার কেবল ঝগড়া-বিবাদের সৃষ্টি করে,

কিন্তু যারা উপদেশ শোনে তাদের কাছে জ্ঞান পাওয়া যায়।

11পরিশ্রম না করে যে টাকা পাওয়া যায় তা কমে যায়,

কিন্তু যে লোক পরিশ্রম করে টাকা জমায় তার টাকা বেড়ে যায়।

12আশা পূর্ণ হতে দেরি হলে অন্তর ভেংগে পড়ে,

কিন্তু ইচ্ছার পরিপূর্ণতা জীবন-গাছের মত।

13যে লোক ঈশ্বরের বাক্য তুচ্ছ করে সে নিজের সর্বনাশ করে,

কিন্তু যে লোক ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের আদেশ মানে

সে তার পাওনা পায়।

14জ্ঞানী লোকের দেওয়া শিক্ষা জীবনের ফোয়ারার মত;

তা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।

15যার বুদ্ধি ভাল সে সম্মান পায়,

কিন্তু অবিশ্বস্ত লোকেরা শেষ হয়ে যাবে।

16সতর্ক লোক জ্ঞানের সংগে কাজ করে,

কিন্তু বিবেচনাহীন লোক তার নির্বুদ্ধিতা প্রকাশ করে।

17দুষ্ট সংবাদদাতা বিপদে পড়ে,

কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা মংগল আনে।

18যে লোক শাসন অগ্রাহ্য করে সে অভাবে পড়ে ও লজ্জা পায়,

কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে সম্মানিত হয়।

19মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়,

কিন্তু বিবেচনাহীনেরা মন্দ থেকে দূরে সরে যেতে

ঘৃণা বোধ করে।

20জ্ঞানীদের সংগে যে চলাফেরা করে সে জ্ঞানী হয়,

কিন্তু যে লোক বিবেচনাহীনদের সংগী তার ক্ষতি হয়।

21অমংগল পাপীদের পিছনে পিছনে ছুটে আসে,

কিন্তু মংগল হল ঈশ্বরভক্তদের পাওনা।

22ভাল লোক তার নাতিপুতিদের জন্য অধিকার রেখে যায়,

কিন্তু পাপীর ধন ঈশ্বরভক্তদের জন্যই জমা করা হয়।

23গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়,

কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।

24যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না,

কিন্তু যে তাকে ভালবাসে

সে তার শাসনের দিকে মনোযাগ দেয়।

25ঈশ্বরভক্ত লোকেরা পেট ভরে খায়,

কিন্তু দুষ্টেরা পেট ভরে খেতে পায় না।