Select Page

বাইবেল ( সহজ বাংলা )



21

1সদাপ্রভুর হাতে রাজার অন্তর জলের স্রোতের মত;

সদাপ্রভু যেখানে চান সেখানে তাকে চালান।

2মানুষের সব পথই তার নিজের কাছে ঠিক মনে হয়,

কিন্তু সদাপ্রভু তার অন্তর ওজন করে দেখেন।

3সদাপ্রভুর কাছে পশু-উৎসর্গের চেয়ে

ঠিক ও ন্যায় কাজ করা আরও গ্রহণযোগ্য।

4দুষ্টদের চোখের চাহনি গর্বে ভরা এবং অন্তর অহংকারে পূর্ণ;

তাদের জীবন-বাতি পাপে ভরা।

5পরিশ্রমীর পরিকল্পনার ফলে নিশ্চয়ই প্রচুর ধনলাভ হয়,

কিন্তু যে লোক পরিকল্পনা না করে

তাড়াহুড়া করে কাজ করতে যায় তার নিশ্চয়ই অভাব হয়।

6মিথ্যাবাদী মুখ দিয়ে যারা ধন লাভ করে তারা মৃত্যুর খোঁজ করে;

তাদের জন্য সেই ধনলাভ যেন মৃত্যুর আগে

একটুখানি সুখের নিঃশ্বাস।

7দুষ্টদের ভীষণ অত্যাচার তাদেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়,

কারণ তারা ন্যায়ভাবে চলতে অস্বীকার করে।

8দোষী লোকের জীবন-পথ আঁকাবাকা,

কিন্তু খাঁটি লোক সৎভাবে কাজ করে।

9ঝগড়াটে স্ত্রীর সংগে বাস করবার চেয়ে

বরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।

10দুষ্ট লোক ক্ষতি করতে চায়;

তার প্রতিবেশী তার কাছ থেকে কোন দয়া পায় না।

11ঠাট্টা-বিদ্রূপ কারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে;

জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।

12ন্যায়বান ঈশ্বর দুষ্টদের পরিবারের লোকদের চোখে চোখে রাখেন

আর সেই দুষ্টদের ধ্বংস করেন।

13যে লোক গরীবদের কান্নায় কান বন্ধ করে রাখে,

সে যখন নিজে কাঁদবে তখন কেউ তাতে কান দেবে না।

14গোপনে দেওয়া দান রাগ শান্ত করে,

আর লুকিয়ে রাখা ঘুষ বের করে দিলে ভয়ংকর রাগ শান্ত হয়।

15ন্যায়বিচার ঈশ্বরভক্ত লোকদের কাছে আনন্দ,

কিন্তু অন্যায়কারীদের কাছে তা সর্বনাশ।

16যে লোক বুদ্ধির পথ ছেড়ে অন্য দিকে যায়

সে মৃতদের সংগে থাকবে।

17যে লোক আমোদ-প্রমোদ ভালবাসে সে গরীব হবে;

যে লোক আংগুর-রস ও সুগন্ধি তেল ভালবাসে

সে কখনও ধনী হতে পারবে না।

18শেষে নির্দোষ লোকদের বদলে দুষ্টেরা

আর সৎ লোকদের বদলে অবিশ্বস্তেরা কষ্ট পাবে।

19ঝগড়াটে আর খুঁতখুঁতে স্বভাবের স্ত্রীর সংগে বাস করবার চেয়ে

মরুভূমিতে গিয়ে বাস করা ভাল।

20বুদ্ধিমানের ঘরে মূল্যবান ধন ও সুগন্ধি তেল জমা থাকে,

কিন্তু তা যদি বিবেচনাহীন লোকের ঘরে থাকে

তবে সে সবই শেষ করে ফেলে।

21যে লোক আগ্রহের সংগে সততা ও বিশ্বস্ততার পথে চলে

সে জীবন, আশীর্বাদ ও সম্মান লাভ করে।

22জ্ঞানী লোক শক্তিশালীদের শহর আক্রমণ করে

আর যে দুর্গের উপর তারা নির্ভর করত তা ধ্বংস করে ফেলে।

23যে তার মুখ ও জিভ্‌ সাবধানে রাখে

সে বিপদ থেকে নিজেকে রক্ষা করে।

24গর্বিত ও অহংকারী লোকের নাম হল “ঠাট্টা-বিদ্রূপ কারী”;

সে অতিরিক্ত গর্বের সংগে কাজ করে।

25অলসের কামনা তার মৃত্যু ঘটায়,

কারণ তার হাত কাজ করতে অস্বীকার করে।

26এমন লোক আছে যে সব সময় লোভ করে,

কিন্তু ঈশ্বরভক্ত লোক খোলা হাতে দান করে।

27দুষ্টদের উৎসর্গ সদাপ্রভু ঘৃণা করেন,

আর তা যদি মন্দ উদ্দেশ্যে আনা হয়

তবে তা আরও ঘৃণার যোগ্য হয়।

28মিথ্যা সাক্ষী ধ্বংস হয়ে যাবে,

কিন্তু যে লোক মনোযোগ দিয়ে শোনে তার কথা চিরকাল স্থায়ী।

29দুষ্ট লোকের মুখে কোন লজ্জার ভাব দেখা যায় না,

কিন্তু সৎ লোক তার জীবন-পথে চলা সম্বন্ধে নিশ্চিত থাকে।

30কোন জ্ঞান, কোন বুদ্ধি বা কোন পরিকল্পনাই

সদাপ্রভুর বিরুদ্ধে দাঁড়াতে পারে না।

31যুদ্ধের দিনের জন্য ঘোড়া প্রস্তুত রাখা হয়,

কিন্তু জয় সদাপ্রভুর উপর নির্ভর করে।