Select Page

বাইবেল ( সহজ বাংলা )



4

জ্ঞানীদের পথ

1সন্তানেরা, বাবার উপদেশে কান দাও,

বিচারবুদ্ধি লাভ করবার দিকে মনোযোগ দাও।

2আমি তোমাদের ভাল শিক্ষা দিচ্ছি,

সেইজন্য আমার নির্দেশের অবাধ্য হোয়ো না।

3আমিও তো আমার বাবার ছেলে ছিলাম,

মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।

4তখন বাবা আমাকে শিক্ষা দিয়ে বলতেন,

“তোমার সমস্ত অন্তর দিয়ে আমার কথা ধরে রেখো;

আমার আদেশ মেনে চোলো, তাতে বাঁচবে।

5জ্ঞান লাভ কর, বিচারবুদ্ধি লাভ কর;

আমার কথা ভুলে যেয়ো না, তা থেকে সরে যেয়ো না।

6জ্ঞানকে ত্যাগ কোরো না, সে-ই তোমাকে রক্ষা করবে;

তাকে ভালবেসো, সে-ই তোমার উপর নজর রাখবে।

7জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা;

তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর।

8জ্ঞানকে প্রধান স্থান দাও, সে-ই তোমাকে উঁচুতে তুলবে;

তাকে জড়িয়ে ধর, সে তোমাকে সম্মান দেবে।

9সে তোমার মাথার উপর দেবে সুন্দর মালা

আর উপহার দেবে সৌন্দর্যের মুকুট।”

10ছেলে আমার, শোন, আমার কথা তোমার অন্তরে রাখ,

তাতে তুমি অনেক বছর বেঁচে থাকবে।

11আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি,

সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি।

12তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না,

দৌড়াবার সময় উছোট খাবে না।

13উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না;

তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন।

14দুষ্টদের পথে তুমি পা দিয়ো না,

মন্দ লোকদের পথে হেঁটো না।

15সেই পথ তুমি এড়িয়ে যাও,

তার উপর দিয়ে তুমি হেঁটো না;

সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;

16কারণ মন্দ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না;

কাউকে উছোট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না।

17দুষ্টতা হল তাদের খাবার আর অত্যাচার হল তাদের মদ।

18ঈশ্বরভক্তদের পথ ভোরের প্রথম আলোর মত,

যা দুপুর না হওয়া পর্যন্ত

উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে।

19কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মত;

তারা জানে না কিসে তারা উছোট খায়।

20ছেলে আমার, আমি যা বলছি তাতে মন দাও,

আমার কথায় কান দাও।

21কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিয়ো না,

তোমার অন্তরের মধ্যে তা রেখে দিয়ো।

22যারা এই রকম করে তাদের জন্য তা হয় জীবন,

তা তাদের স্বাস্থ্যবান করে।

23সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশী করে পাহারা দিয়ে রাখ,

কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে।

24তোমার মুখ থেকে বাঁকা কথা দূর করে দাও,

ঠোঁট থেকে খারাপ কথা দূরে সরিয়ে দাও।

25তোমার চোখ যেন সোজা সামনে তাকায়,

তোমার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখ।

26তোমার চলবার পথ সমান কর,

তাতে তোমার পথ তুমি স্থির করতে পারবে।

27ডানে কিম্বা বাঁয়ে ফিরো না;

মন্দ থেকে তোমার পা দূরে রেখো।