Select Page

বাইবেল ( সহজ বাংলা )



1

প্রথম খণ্ড

(1-41)

1ধন্য সেই লোক,

যে দুষ্টদের পরামর্শমত চলে না,

পাপীদের পথে থাকে না,

ঠাট্টা-বিদ্রূপ কারীদের আড্ডায় বসে না;

2বরং সদাপ্রভুর আইন-কানুনেই তার আনন্দ,

আর সেটিই তার দিনরাতের ধ্যান।

3সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ,

যা সময়মত ফল দেয়,

আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না;

সে সব কাজেই সফলতা লাভ করে।

4কিন্তু দুষ্টেরা সেরকম নয়;

তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ।

5এইজন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না,

পাপীরা ঈশ্বরভক্তদের দলে টিকে থাকতে পারবে না;

6কারণ ঈশ্বরভক্তদের চলার পথের উপর সদাপ্রভুর খেয়াল আছে,

কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস।