Select Page

বাইবেল ( সহজ বাংলা )



101

দায়ূদের গান।

1আমি তোমার অটল ভালবাসা ও ন্যায়বিচারের গান গাইব;

হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব।

2নিখুঁত জীবন কাটাবার দিকে আমি মনোযোগ দেব;

কবে তুমি আমার কাছে আসবে?

আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তরে থাকব।

3আমি খারাপ কোন কিছু আমার চোখের সামনে রাখব না।

বিপথে যাওয়া লোকদের কাজ আমি ঘৃণার চোখে দেখি;

সেগুলো আমাকে আঁকড়ে ধরতে পারবে না।

4আমার অন্তরে আমি কুটিলতাকে স্থান দেব না;

মন্দতার সংগে আমার কোন যোগ থাকবে না।

5যারা গোপনে অন্যদের নিন্দা করে তাদের আমি শেষ করব;

যাদের চোখে গর্ব আর বুকে অহংকার রয়েছে

তাদের আমি সহ্য করব না।

6দেশের বিশ্বস্ত লোকদের দিকে আমার নজর থাকবে

যাতে তারা আমার সংগে বাস করতে পারে;

যাদের জীবন নিখুঁত তারাই আমার কাজ করবে।

7ছলনাকারীরা আমার বাড়ীতে বাস করতে পারবে না;

মিথ্যাবাদীরা আমার কাজে বহাল থাকতে পারবে না।

8রোজ সকালে দেশের দুষ্ট লোকদের আমি শেষ করব,

যাতে সদাপ্রভুর শহর থেকে

প্রত্যেকটি অন্যায়কারীকে উপ্‌ড়ে ফেলা যায়।