
108
একটা গান। দায়ূদের একটা গীত।
1হে ঈশ্বর, আমার মন স্থির আছে; আমি গান গাইব আর আমার সমস্ত অন্তর দিয়ে
গানের সুর তুলব।
2ওহে বীণা ও সুরবাহার, জেগে ওঠো;
আমি ভোরকে জাগিয়ে তুলব।
3হে সদাপ্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব,
তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;
4কারণ তোমার অটল ভালবাসা আকাশ থেকেও উঁচু,
তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
5হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক;
তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।
6তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;
আমার ডাকে সাড়া দাও,
যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।
7ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,
“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,
সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
8গিলিয়দ আমার, মনঃশিও আমার;
ইফ্রয়িম যেন আমার মাথার লোহার টুপী,
আর যিহূদা আমার রাজদণ্ড।
9মোয়াব আমার পা ধোওয়ার পাত্র;
আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব,
আর পলেষ্টীয়ার উপরে জয়ের হাঁক দেব।”
10কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?
কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
11হে ঈশ্বর, তুমি কি আমাদের বাতিল কর নি?
আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
12হে ঈশ্বর, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর,
কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
13ঈশ্বরের সাহায্যে আমরা জয়লাভ করব;
আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।