
110
দায়ূদের একটা গান।
1সদাপ্রভু আমার প্রভুকে বললেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি,
ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।”
2তোমার রাজপদের অধিকার সদাপ্রভু সিয়োন থেকে
প্রকাশ করবেন;
তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকে
তুমি রাজত্ব কোরো।”
3যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে;
পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির,
তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।
4সদাপ্রভু শপথ করেছেন, “তুমি চিরকালের জন্য
মল্কীষেদকের মত পুরোহিত।”
এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
5প্রভু তোমার ডান পাশে আছেন;
তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের শেষ করে দেবেন।
6তিনি বিভিন্ন জাতির বিচার করে রায় দেবেন;
তিনি পৃথিবী মৃতদেহে পরিপূর্ণ করবেন;
তিনি পৃথিবীর সব জায়গায় শত্রুদের মাথা চুরমার করবেন।
7তাদের তাড়া করে যেতে যেতে তিনি স্রোতের জল খাবেন,
তাতে সতেজ হয়ে শেষে তিনি জয়ী হবেন।