Select Page

বাইবেল ( সহজ বাংলা )



138

দায়ূদের গান।

1হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে

আমি তোমার গৌরব করব;

এমন কি, দেব-দেবতাদের সামনেও

আমি তোমার প্রশংসা-গান করব।

2তোমার পবিত্র ঘরের দিকে আমি মাথা নীচু করব,

আর তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্য

তোমার গৌরব করব;

কারণ তোমার প্রতিজ্ঞার পূর্ণতার মধ্য দিয়ে

তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ

তা তোমার সুনামের চেয়েও মহান।

3আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে উত্তর দিলে;

আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে।

4হে সদাপ্রভু, তোমার মুখের কথা শুনে

পৃথিবীর সমস্ত রাজা তোমার গৌরব করবে।

5তারা সদাপ্রভুর কাজ নিয়ে গান করবে,

কারণ সদাপ্রভুর মহিমা মহৎ।

6যদিও সদাপ্রভু সব কিছুর উপরে আছেন

তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন,

কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।

7যখন আমি বিপদের মধ্য দিয়ে চলি

তখন তুমি আমার প্রাণ রক্ষা কর;

তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর,

আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে।

8সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন।

হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা চিরকাল স্থায়ী;

তুমি নিজের হাতে যে সব কাজ করছ তা শেষ কোরো।