Select Page

বাইবেল ( সহজ বাংলা )



145

প্রশংসার গান।দায়ূদের গান।

1হে আমার ঈশ্বর, হে রাজা, আমি তোমার গুণগান করব;

আমি চিরকাল তোমার প্রশংসা করব।

2প্রতিদিন আমি তোমার প্রশংসা করব;

চিরকাল তোমার গৌরব করব।

3সদাপ্রভু মহান আর সব চেয়ে বেশী প্রশংসার যোগ্য;

কেউ তাঁর মহত্ব বুঝে উঠতে পারে না।

4এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছে

তোমার কাজের গুণগান করবে;

তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে।

5আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক

আর তোমার আশ্চর্য আশ্চর্য কাজ সম্বন্ধে ধ্যান করব।

6লোকে তোমার ভয়-জাগানো আশ্চর্য কাজের শক্তির কথা বলবে,

আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।

7তুমি যে তাদের প্রচুর মংগল করেছ তা তারা বলে বেড়াবে,

তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে।

8সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ;

তিনি সহজে অসন্তুষ্ট হন না এবং তাঁর অটল ভালবাসার সীমা নেই।

9সদাপ্রভু সকলের জন্যই মংগলময়;

তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।

10হে সদাপ্রভু, তুমি যা কিছু সৃষ্টি করেছ

সে সবই তোমাকে ধন্যবাদ দেবে;

তোমার ভক্তেরা তোমার গৌরব করবে।

11তারা তোমার রাজ্যের গৌরবের কথা

আর তোমার শক্তির কথা বলবে;

12যাতে সব মানুষ তোমার শক্তিপূর্ণ কাজের কথা জানতে পারে,

আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।

13তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য;

তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।

14যারা পড়ে যাচ্ছে সদাপ্রভু তাদের ধরে রাখেন;

যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।

15আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে;

ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক।

16সমস্ত প্রাণীর মনের ইচ্ছা

তুমি হাত খুলে পূরণ করে থাক।

17সদাপ্রভু তাঁর সমস্ত পথে ন্যায়বান

আর সমস্ত কাজে বিশ্বস্ত।

18যারা সদাপ্রভুকে ডাকে, অন্তর দিয়ে ডাকে,

তিনি তাদের কাছেই থাকেন।

19যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে

তাদের মনের ইচ্ছা তিনি পূরণ করেন;

সাহায্যের জন্য তাদের কান্না শুনে তিনি তাদের রক্ষা করেন।

20যারা সদাপ্রভুকে ভালবাসে তাদের সকলকে তিনি রক্ষা করেন,

কিন্তু সব দুষ্টদের তিনি ধ্বংস করে ফেলবেন।

21আমার মুখ সদাপ্রভুর গুণগান করবে;

সমস্ত প্রাণী যুগ যুগ ধরে তাঁর পবিত্রতার প্রশংসা করবে।