Select Page

বাইবেল ( সহজ বাংলা )



147

1সদাপ্রভুর প্রশংসা হোক। আমাদের ঈশ্বরের প্রশংসা-গান করা কত ভাল!

তা কি সুন্দর!

তাঁর গৌরব করা কত উপযুক্ত!

2সদাপ্রভুই যিরূশালেমকে গড়ে তোলেন;

দূর করে দেওয়া ইস্রায়েলীয়দের তিনিই জড়ো করেন।

3যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;

তাদের সব ঘা তিনিই বেঁধে দেন।

4তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,

তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।

5আমাদের প্রভু মহান, তাঁর শক্তি প্রচুর;

তাঁর জ্ঞান-বুদ্ধির সীমা নেই।

6সদাপ্রভু নম্র লোকদের ধরে রাখেন,

কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।

7তোমরা সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের গান গাও;

বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও।

8তিনি আকাশ মেঘে ঢাকেন;

তিনি পৃথিবীর জন্য বৃষ্টির ব্যবস্থা করেন

আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।

9পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন;

দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে

তখন তিনিই তাদের খাবার দেন।

10ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না,

যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই;

11কিন্তু যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে

আর তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে,

তাদের নিয়েই সদাপ্রভুর যত আনন্দ।

12হে যিরূশালেম, সদাপ্রভুর গুণগান কর;

হে সিয়োন, তোমার ঈশ্বরের গৌরব কর।

13তিনিই তো তোমার ফটকগুলোর আগল শক্ত করেছেন,

তোমার মধ্যে বাসকারী লোকদের আশীর্বাদ করেছেন।

14তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন,

আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।

15তিনি পৃথিবীতে তাঁর আদেশ পাঠান;

খুব তাড়াতাড়ি তা পালন করা হয়।

16তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান

আর ছাইয়ের মত শিশির ছড়ান।

17তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন;

তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে?

18তাঁর বাক্য পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন;

তাঁর বাতাস বহালে জল বয়ে যায়।

19যাকোবের কাছে তিনি তাঁর বাক্য প্রকাশ করেছেন,

ইস্রায়েলের কাছে প্রকাশ করেছেন তাঁর নিয়ম ও আইন-কানুন।

20অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি;

তাঁর আইন-কানুন তারা জানে না।

সদাপ্রভুর প্রশংসা হোক।