Select Page

বাইবেল ( সহজ বাংলা )



148

1সদাপ্রভুর প্রশংসা হোক। স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর;

আকাশে ও মহাকাশে তাঁর প্রশংসা কর।

2হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা কর;

হে তাঁর সমস্ত শক্তিদল, তাঁর প্রশংসা কর।

3হে সূর্য ও চাঁদ, তাঁর প্রশংসা কর;

হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা কর।

4হে স্বর্গ, তাঁর প্রশংসা কর;

হে আকাশের উপরের জল, তাঁর প্রশংসা কর।

5এরা সব সদাপ্রভুর প্রশংসা করুক,

কারণ তিনি আদেশ দিলেন আর এদের সৃষ্টি হল।

6এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন;

তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না।

7পৃথিবী থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

হে সাগরের বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ,

তাঁর প্রশংসা কর।

8হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশা

আর তাঁর আদেশ পালন-করা ঝোড়ো বাতাস,

তাঁর প্রশংসা কর।

9হে সমস্ত পাহাড়-পর্বত

আর ফলের গাছ ও সমস্ত এরস গাছ,

তাঁর প্রশংসা কর।

10হে বুনো জানোয়ার ও সমস্ত পোষ-মানা পশু

আর বুকে-হাঁটা প্রাণী ও ডানাযুক্ত প্রাণী,

তাঁর প্রশংসা কর।

11হে পৃথিবীর রাজারা এবং সমস্ত জাতি

আর রাজপুরুষেরা ও পৃথিবীর শাসনকর্তারা,

তাঁর প্রশংসা কর।

12হে যুবক ও যুবতীরা আর বৃদ্ধ ও ছেলেমেয়েরা,

তাঁর প্রশংসা কর।

13এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করুক,

কারণ একমাত্র তিনিই মহান;

পৃথিবী ও আকাশের উপরেও তাঁর গৌরব রয়েছে।

14তাঁর লোকদের তিনি শক্তিশালী করেছেন;

তা তাঁর সমস্ত ভক্তদের গৌরব,

তাঁর প্রিয় জাতি ইস্রায়েলের গৌরব।

সদাপ্রভুর প্রশংসা হোক।