
18
গান পরিচালকের সংকলনের জন্য। সদাপ্রভুর দাস দায়ূদের জন্য। সদাপ্রভু যখন দায়ূদকে শৌল ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেনতখন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গান গেয়েছিলেন।
1হে সদাপ্রভু, তুমিই আমার শক্তি, আমি তোমাকে ভালবাসি।
2সদাপ্রভুই আমার উঁচু পাহাড়,
আমার দুর্গ ও আমার মুক্তিদাতা;
আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়,
তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই।
তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং,
আমার উঁচু আশ্রয়-স্থান।
3সদাপ্রভু প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি;
তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।
4মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,
ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম।
5মৃতস্থানের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,
আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।
6আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম
এবং সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করলাম।
তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন;
আমার কান্না তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল।
7তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল,
কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি;
তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।
8তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল,
তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,
তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
9তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন;
তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
10তিনি করূবে চড়ে উড়ে আসলেন,
উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে।
11তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন;
তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
12তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল;
শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল।
13সদাপ্রভু আকাশে গর্জন করলেন;
বাজ ও শিলাবৃষ্টির মধ্যে মহান ঈশ্বরের স্বর শোনা গেল।
14তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন,
আর বিদ্যুৎ চম্কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।
15হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায়
মাটির তলার জল দেখা দিল,
পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।
16তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন,
গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন।
17আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন;
বাঁচালেন বিপক্ষদের হাত থেকে
যাদের শক্তি আমার চেয়েও বেশী।
18বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল,
কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন।
19তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন;
আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই
তিনি আমাকে উদ্ধার করলেন।
20আমার ন্যায় কাজ অনুসারেই সদাপ্রভু আমাকে দান করলেন,
আমার কাজের শুচিতা অনুসারে পুরস্কার দিলেন;
21কারণ সদাপ্রভুর পথেই আমি চলফেরা করেছি;
মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে সরে যাই নি।
22তাঁর সমস্ত আইন-কানুন আমার সামনে রয়েছে;
তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।
23তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম;
আমি পাপ থেকে দূরে থেকেছি।
24তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেন
তাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে,
আমার কাজের শুচিতা অনুসারে।
25হে সদাপ্রভু, তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর,
নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,
26খাঁটিদের সংগে কর খাঁটি ব্যবহার,
আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।
27তুমি দুঃখীদের রক্ষা করে থাক আর অহংকারীদের নীচে নামাও।
28তুমিই আমার জীবন-বাতি জ্বালিয়ে রাখ;
আমার ঈশ্বর সদাপ্রভু আমার অন্ধকারকে আলো করেন।
29তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি,
আর আমার ঈশ্বরের সাহায্যে
লাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
30ঈশ্বরের পথে কোন খুঁত নেই;
সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে।
তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
31একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে?
আমাদের ঈশ্বর ছাড়া আর কি কেউ আশ্রয়-পাহাড় আছে?
32ঈশ্বরই আমার কোমরে শক্তি দিয়েছেন
আর নিখুঁত করেছেন আমার চলার পথ।
33তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;
উঁচু উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।
34তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,
তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।
35হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ,
তোমার ডান হাত আমাকে ধরে আছে;
তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।
36তুমি আমার চলার পথ চওড়া করেছ,
তাই আমার পায়ে উছোট লাগে নি।
37আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি;
তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি।
38আমি তাদের চুরমার করে দিয়েছি,
যাতে তারা আর উঠতে না পারে;
তারা আমার পায়ের তলায় পড়েছে।
39তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ,
আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।
40আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ;
যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।
41তারা সাহায্যের জন্য চিৎকার করেছে,
কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি।
তারা সদাপ্রভুর কাছে চিৎকার করেছে,
কিন্তু তিনিও তাদের উত্তর দেন নি।
42বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলার মত আমি তাদের গুঁড়া করেছি,
রাস্তার কাদা-মাটির মত করে তাদের ফেলে দিয়েছি।
43হে সদাপ্রভু, লোকদের বিদ্রোহ থেকে
তুমি আমাকে উদ্ধার করেছ,
অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ;
আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।
44আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে;
বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা আমার বাধ্য হয়।
45তারা নিরাশ হয়ে পড়ে;
তারা কাঁপতে কাঁপতে দুর্গ থেকে বের হয়।
46সদাপ্রভু জীবন্ত।
আমার আশ্রয়-পাহাড়ের গৌরব হোক।
আমার উদ্ধারকর্তা ঈশ্বরের সম্মান বৃদ্ধি হোক।
47তিনিই অন্য জাতিদের আমার অধীনে আনেন
আর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন।
48তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন।
হে ঈশ্বর, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ,
অত্যাচারী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।
49হে সদাপ্রভু, এইজন্য অন্য জাতিদের মধ্যে
আমি তোমার গৌরব প্রকাশ করব
আর তোমার সুনাম গাইব।
50সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবার মহাজয় দান করেন;
হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি,
দায়ুদ ও তাঁর বংশধরদের প্রতি,
তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।