
22
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “সকালবেলার হরিণী।” দায়ূদের গান।
1ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
আমাকে রক্ষা না করে,
আমার কান্না-ভরা প্রার্থনা না শুনে,
কেন তুমি দূরে সরে রয়েছ?
2হে আমার ঈশ্বর, দিনের বেলা আমি তোমাকে ডাকি,
কিন্তু তুমি উত্তর দাও না;
রাতেও আমি চুপ করে থাকি না।
3কিন্তু তুমি পবিত্র;
ইস্রায়েলীয়দের প্রশংসার সিংহাসনে তুমি বসে আছ।
4তোমার উপরেই নির্ভর করতেন আমার পূর্বপুরুষেরা;
তাঁরা নির্ভর করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।
5তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন;
তোমার উপর নির্ভর করে তাঁরা লজ্জায় পড়তেন না।
6কিন্তু আমি তো কেবল একটা পোকা, মানুষ নই;
লোকে আমাকে টিট্কারি দেয়
আর মানুষ আমাকে তুচ্ছ করে।
7যারা আমাকে দেখে তারা সবাই আমাকে ঠাট্টা করে।
তারা আমাকে মুখ ভেংগায়, আর মাথা নেড়ে বলে,
8“ও তো সদাপ্রভুর উপর নির্ভর করে,
তাহলেই তিনিই ওকে রক্ষা করুন;
তিনিই ওকে উদ্ধার করুন,
কারণ ওর উপর তিনি সন্তুষ্ট।”
9মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ;
যখন আমি মায়ের দুধ খেতাম
তখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ।
10জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে;
জন্ম থেকে তুমিই আমার ঈশ্বর হয়েছ।
11তুমি আমার কাছ থেকে দূরে থেকো না,
কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে,
আমার সাহায্যকারী কেউ নেই।
12আমার চারপাশে রয়েছে যেন ষাঁড়ের দল;
যেন বাশন দেশের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে ঘিরে ধরেছে।
13শিকারের খোঁজে সিংহ যেমন গর্জন করে,
তেমনি করে তারা আমার বিরুদ্ধে মুখ হাঁ করেছে।
14আমাকে জলের মত করে ঢেলে ফেলা হয়েছে,
আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে,
আমার অন্তর মোমের মত হয়ে
আমার ভিতরে গলে গলে পড়ছে।
15মাটির পাত্রের শুকনা টুকরার মত
আমার শক্তি শুকিয়ে এসেছে,
আর আমার জিভ্ তালুতে লেগে যাচ্ছে;
তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ।
16আমার চারপাশে একদল দুষ্ট লোক
কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে;
তারা আমার হাত ও পা বিঁধেছে।
17আমার হাড়গুলো আমি গুণতে পারি;
সেই লোকেরা আমাকে হাঁ করে দেখছে
আর আমার দিকে তাকিয়ে আছে।
18নিজেদের মধ্যে তারা আমার কাপড়-চোপড় ভাগ করছে
আর আমার জামার জন্য গুলিবাঁট করছে।
19কিন্তু তুমি, হে সদাপ্রভু, দূরে থেকো না;
হে আমার শক্তি,
আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এস।
20তলোয়ারের মুখ থেকে আমার প্রাণ,
ঐ সব কুকুরদের থাবা থেকে আমার বহুমূল্য জীবন তুমি রক্ষা কর।
21ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর।
তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকে
আমাকে রক্ষা করলে।
22ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করব
আর সমাজের মধ্যে তোমার গুণগান করব।
23তোমরা যারা সদাপ্রভুকে ভক্তি কর, তোমরা তাঁর গৌরব কর।
যাকোবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও।
ইস্রায়েলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে শ্রদ্ধা জানাও।
24দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিম্বা অগ্রাহ্য করেন নি;
তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি,
বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।
25বড় সভার মধ্যে আমার যে প্রশংসা
তা তোমার কাছ থেকেই আসে;
তোমার উপর যাদের ভক্তিপূর্ণ ভয় আছে
তাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।
26নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে;
যারা সদাপ্রভুর ইচ্ছামত চলে তারা তাঁর গৌরব করবে।
তারা চিরকাল জীবিত থাকুক।
27পৃথিবীর শেষ সীমার লোকেরাও মন ফিরিয়ে
সদাপ্রভুর কাছে আসবে;
অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে শ্রদ্ধা জানাবে।
28হ্যাঁ, রাজ্য সদাপ্রভুরই;
সব জাতির উপরে তিনিই রাজা।
29পৃথিবীর ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবে
আর তাঁকে শ্রদ্ধা জানাবে;
নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে,
তারাও তাঁর সামনে হাঁটু পাতবে।
30ভবিষ্যৎ বংশধরেরা তাঁর সেবা করবে,
আর সেই যুগের লোকদের কাছে প্রভুর বিষয় বলা হবে।
31যাদের এখনও জন্ম হয় নি, তাদের কাছে গিয়ে
লোকে তাঁর ন্যায্যতার কথা ঘোষণা করবে;
বলবে, তিনিই এ কাজ করেছেন।