Select Page

বাইবেল ( সহজ বাংলা )



44

গান পরিচালকের সংকলনের জন্য। কোরহের বংশের মস্কীল-গান।

1হে ঈশ্বর, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছ

সেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।

2তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে

সেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে;

তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলে

আর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে।

3তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি,

নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি;

তোমার শক্তি, হ্যাঁ, তোমার মহাশক্তি,

আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল,

কারণ তাঁদের উপর তোমার দয়া ছিল।

4হে ঈশ্বর, তুমিই আমার রাজা;

যাকোবের জয়ের ব্যবস্থা তুমিই কর।

5আমাদের শত্রুদের আমরা তোমারই শক্তিতে পিছু হটাব;

যারা আমাদের বিরুদ্ধে উঠবে

তোমার জোরেই তাদের পায়ে মাড়াব।

6আমার ধনুকের উপর আমি নির্ভর করি না,

আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না;

7কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ,

আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।

8ঈশ্বরকে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি;

চিরকাল আমরা তোমার গৌরব করব। [সেলা]

9কিন্তু এখন তুমি আমাদের ত্যাগ করেছ আর লজ্জায় ফেলেছ;

যুদ্ধের সময় আমাদের সৈন্যদলের সংগে তুমি আর থাক না।

10শত্রুদের সামনে থেকে তুমি আমাদের পিছিয়ে আসতে বাধ্য করেছ;

আমাদের বিপক্ষেরা আমাদের লুট করেছে।

11জবাই করার ভেড়ার মত করে

তাদের হাতে তুমি আমাদের তুলে দিয়েছ

আর বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছ।

12প্রায় বিনামূল্যেই তোমার লোকদের তুমি বিক্রি করে দিয়েছ;

এতে তোমার কি লাভ হয়েছে?

13প্রতিবেশী জাতিদের কাছে তুমি আমাদের

নিন্দার পাত্র করে তুলেছ;

চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক করেছ।

14অন্যান্য জাতির কাছে তুমি আমাদের নামকে

টিট্‌কারির ভাষা করেছ;

লোকেরা আমাদের দেখে মাথা নাড়ে।

15-16যারা আমার নিন্দা ও বদনাম করে তাদের কথার জন্য,

আর যে শত্রুরা আমার উপর

প্রতিশোধ নেবার জন্য বসে আছে তাদের জন্য,

একটা অপমানবোধ সব সময় আমার মনে লেগেই আছে;

আমি লজ্জায় ডুবে আছি।

17এ সবই আমাদের উপর ঘটেছে,

তবুও যে আমরা তোমাকে ভুলে গেছি তা নয়;

তোমার ব্যবস্থার প্রতি যে একেবারে অবিশ্বস্ত হয়েছি তা-ও নয়।

18তোমার দিক থেকে আমাদের অন্তর ফিরে যায় নি;

তোমার পথ থেকে আমাদের পা সরে যায় নি।

19কিন্তু তবুও তুমি এমন এক জায়গায়

আমাদের চুরমার করেছ যেখানে শিয়ালের আনাগোনা;

ঘন অন্ধকারে আমাদের ঢেকে রেখেছ।

20আমাদের ঈশ্বরকে যদি আমরা ভুলে গিয়ে থাকি,

যদি হাত বাড়িয়ে থাকি কোন দেবতার কাছে,

21তবে ঈশ্বর কি তা জানতেন না?

তিনি তো আমাদের অন্তরের গোপন সব কিছুই জানেন।

22কিন্তু তবুও তোমার জন্যই

সব সময় আমাদের কাউকে না কাউকে মেরে ফেলা হচ্ছে,

জবাই করার ভেড়ার মতই লোকে আমাদের মনে করে।

23হে প্রভু, জাগো, কেন তুমি ঘুমাচ্ছ?

ওঠো, চিরকালের জন্য আমাদের ত্যাগ কোরো না।

24কেন তোমার মুখ তুমি ফিরিয়ে রেখেছ?

আমাদের দুঃখ ও অত্যাচারের কথা কেন ভুলে গেছ?

25আমরা ধুলায় লুটিয়ে পড়েছি;

আমাদের দেহ মাটিতে গড়াগড়ি যাচ্ছে।

26তুমি এস, আমাদের সাহায্য কর;

তোমার অটল ভালবাসা অনুসারে তুমি আমাদের মুক্ত কর।