Select Page

বাইবেল ( সহজ বাংলা )



72

শলোমনের গান।

1হে ঈশ্বর, বিচার করার যে অধিকার তোমার আছে

তা তুমি এই রাজাকে দান কর;

এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর;

2যাতে তিনি ন্যায়ভাবে তোমার লোকদের বিচার করতে পারেন

আর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন।

3তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্য

পাহাড়-পর্বতে ভরা দেশটা মংগলে ভরে উঠুক।

4তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপর

তিনি ন্যায়বিচার করুন;

তাঁর গরীবদের বাঁচান আর অত্যাচারীদের চুরমার করুন।

5যতদিন চাঁদ-সূর্য থাকবে ততদিন বংশের পর বংশ ধরে

লোকে তাঁকে ভক্তিপূর্ণ ভয় করুক।

6ঘাস কেটে নেওয়া জমির উপর বৃষ্টি পড়লে যেমন হয়

তিনি যেন তেমনি হন;

তিনি যেন মাটি ভিজানো বৃষ্টিধারার মত হন।

7তাঁর আমলে ঈশ্বরভক্তেরা যেন প্রচুর আশীর্বাদ পায়;

যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবন

মংগলে মংগলে ভরে উঠুক।

8তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,

ইউফ্রেটিস্‌ নদী থেকে পৃথিবীর শেষ পর্যন্ত হোক।

9মরু-এলাকার লোকেরা তাঁর কাছে নত হোক

আর তাঁর শত্রুরা তাঁকে প্রণাম করুক।

10তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক;

শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।

11সমস্ত রাজারা তাঁর কাছে মাথা নীচু করুক

আর সমস্ত জাতি তাঁর সেবা করুক।

12যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরা

সাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।

13অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেন

আর অভাবীদের বাঁচাবেন।

14অত্যাচার ও আক্রমণের হাত থেকে

তিনি তাদের প্রাণ রক্ষা করবেন;

তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।

15তিনি অনেক দিন বেঁচে থাকুন;

শিবা দেশের সোনা তাঁর কাছে আসুক।

সব সময় তাঁর জন্য প্রার্থনা হতে থাকুক;

সারা দিন ধরে তাঁর উপর আশীর্বাদ ঝরে পড়ুক।

16দেশে প্রচুর শস্যের ফলন হোক,

তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক।

ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্‌শন্‌ শব্দ উঠুক;

শহর থেকে বেরিয়ে আসা লোকেরা

যেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।

17তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক;

সূর্য যতদিন আলো দেবে

ততদিন তাঁর সুনাম বহাল থাকুক।

তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন আশীর্বাদ পায়;

তারা তাঁকে ধন্য বলুক।

18সদাপ্রভু ঈশ্বর, যিনি ইস্রায়েলের ঈশ্বর, তাঁর গৌরব হোক;

কেবল তিনিই আশ্চর্য আশ্চর্য কাজ করেন।

19চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক;

সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক।

আমেন, আমেন।

20যিশয়ের ছেলে দায়ূদের সব প্রার্থনার শেষ এখানেই।