Select Page

বাইবেল ( সহজ বাংলা )



75

গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” আসফের একটা গীত। একটা গান।

1হে ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই,

আমরা তোমাকে ধন্যবাদ দিই,

কারণ তুমি কাছেই আছ;

লোকে তোমার আশ্চর্য কাজের কথা ঘোষণা করে।

2তুমি বলে থাক, “ঠিক সময় আমিই বেছে নিই,

আমিই ন্যায়বিচার করি।

3পৃথিবী ও তার মানব-সমাজের নিয়ম-শৃঙ্খলা যখন ভেংগে যায়,

তখন আমিই তার থামগুলো টিকিয়ে রাখি। [সেলা]

4“আমি অহংকারীদের বলি, ‘গর্ব কোরো না,’

আর দুষ্টদের বলি, ‘শিং উঁচু কোরো না।

5তোমাদের শিং উঁচুতে তুলো না

আর ঘাড় বাঁকিয়ে কথা বোলো না।’ ”

6পূর্ব কি পশ্চিম কিম্বা মরু-এলাকা থেকে

কেউ রক্ষা করতে আসে না;

7কিন্তু ঈশ্বরই বিচার করেন;

তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন।

8সদাপ্রভুর হাতে একটা পেয়ালা আছে,

তাতে ফেনিয়ে ওঠা মশলা মিশানো আংগুর-রস রয়েছে।

তিনি সেই পেয়ালা থেকে ঢেলে দেন;

পৃথিবীর সব দুষ্ট লোককে তার তলানি পর্যন্ত খেতেই হবে।

9কিন্তু আমি চিরদিন ঈশ্বর সম্বন্ধে প্রচার করব

আর যাকোবের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা-গান করব।

10আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলে দেব,

কিন্তু ঈশ্বরভক্তদের শিং উঁচুতে তোলা হবে।