
81
গান পরিচালকের সংকলনের জন্য। গিত্তীৎ। আসফের গান।
1ঈশ্বর, যিনি আমাদের শক্তি, তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর;
যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ের ধ্বনি কর।
2গান শুরু কর, খঞ্জনি বাজাও;
বাজাও মধুর বীণা আর সুরবাহার।
3আমাদের পর্বের দিন অমাবস্যায় আর পূর্ণিমায় শিংগা বাজাও;
4ওটাই ইস্রায়েলের নিয়ম, যাকোবের ঈশ্বরের আইন।
5যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেন
তখন যোষেফ-বংশের জন্য তিনি এই পর্ব
সাক্ষ্য হিসাবে স্থাপন করলেন।
আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।
6সদাপ্রভু বললেন, “আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম;
ঝুড়ি বওয়া থেকে সে রেহাই পেল।
7বিপদে পড়ে তুমি আমাকে ডাকলে
আর আমি তোমাকে উদ্ধার করলাম;
বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে উত্তর দিলাম;
মরীবার জলের কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]
8হে আমার লোকেরা, তোমরা আমার সাবধান বাণী শোন;
হে ইস্রায়েলীয়েরা, আমার একান্ত ইচ্ছা যে, তোমরা আমার কথায় কান দাও।
9কোন দেব-দেবতা তোমাদের না থাকুক;
অন্য কোন জাতির দেবতার কাছেও
তোমরা মাথা নীচু কোরো না।
10আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর;
আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি।
তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।
11কিন্তু আমার লোকেরা আমার কথায় কান দিল না;
ইস্রায়েল আমার বাধ্য হতে রাজী হল না।
12সেইজন্য আমি তাদের একগুঁয়ে অন্তরের হাতেই ফেলে রাখলাম,
যাতে তারা নিজেদের ইচ্ছামত চলে।
13হায়, যদি আমার লোকেরা কেবল আমার বাধ্য থাকত,
যদি ইস্রায়েল আমার পথে চলত,
14তবে শীঘ্রই আমি তাদের শত্রুদের দমন করতাম,
তাদের শত্রুদের বিরুদ্ধে আমার হাত তুলতাম।
15“শত্রুরা আমার সামনে নত হতে বাধ্য হবে,
তাদের শাস্তি হবে চিরকাল স্থায়ী।
16কিন্তু ইস্রায়েলকে আমি সবচেয়ে ভাল গম খেতে দেব;
সত্যিই আমি তাদের তৃপ্ত করব সেই মধু দিয়ে
যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়।”