Select Page

বাইবেল ( সহজ বাংলা )



95

1এস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দের গান গাই;

আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।

2চল, আমরা ধন্যবাদ দিতে দিতে তাঁর সামনে যাই,

গানের মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।

3সদাপ্রভুই মহান ঈশ্বর;

সমস্ত দেব-দেবতার উপরে তিনিই মহান রাজা।

4পৃথিবীর সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে;

পাহাড়ের চূড়াগুলোও তাঁর।

5সমুদ্র তাঁর, কারণ তিনিই তা তৈরী করেছেন;

ভূমিও তাঁর হাতে গড়া।

6এস, আমরা মাথা নীচু করে তাঁকে শ্রদ্ধা জানাই;

আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি।

7তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁরই লোক;

তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন।

আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!

8-9তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত

তোমাদের অন্তর তোমরা কঠিন কোরো না;

তারা মরু-এলাকার মধ্যে মরীবায় ও মঃসায়

আমার পরীক্ষা করেছিল।

যদিও তোমাদের পূর্বপুরুষেরা আমার কাজ দেখেছিল,

তবুও তারা সেখানে আমাকে যাচাই করেছিল।

10চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপর

আমি বিরক্ত ছিলাম;

আমি বলেছিলাম, ‘এই লোকদের অন্তর বিপথে ঘুরে বেড়াচ্ছে;

তারা আমার পথ জানল না।’

11সেইজন্য আমি ক্রোধে শপথ করে বলেছিলাম,

‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”