Select Page

বাইবেল ( সহজ বাংলা )



98

একটা গান।

1তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,

কারণ তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন;

তাঁর শক্তি, হ্যাঁ, তাঁর পবিত্র মহাশক্তি দিয়ে

তিনি উদ্ধার করেছেন।

2সদাপ্রভু তাঁর উদ্ধারের কাজ দেখিয়ে দিয়েছেন;

সমস্ত জাতির সামনে তাঁর ন্যায়ের কাজ প্রকাশ করেছেন।

3ইস্রায়েল জাতির জন্য তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততার কথা

তিনি মনে রেখেছেন;

আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ সমস্ত পৃথিবীর লোকেরা দেখেছে।

4পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দধ্বনি কর;

আনন্দ-গানে ফেটে পড় ও প্রশংসার গান কর।

5বীণা বাজিয়ে আর সুন্দর সুরে

সদাপ্রভুর উদ্দেশে প্রশংসার গান কর।

6তূরী বাজিয়ে আর শিংগার আওয়াজে

রাজা সদাপ্রভুর সামনে আনন্দধ্বনি কর।

7সাগর ও তার মধ্যেকার সব কিছু আনন্দে চিৎকার করুক;

পৃথিবী ও পৃথিবীতে বাসকারীরা আনন্দে চিৎকার করুক।

8সমস্ত নদী হাততালি দিয়ে আনন্দ করুক;

পাহাড়-পর্বত একসংগে মিলে আনন্দে গান করুক।

9সদাপ্রভুর সামনেই তারা তা করুক,

কারণ তিনি জগতের বিচার করতে আসছেন।

তিনি ন্যায়ভাবে পৃথিবীর বিচার করবেন,

আর জাতিদের বিচার করবেন সৎ ভাবে।