Select Page

বাইবেল ( সহজ বাংলা )



99

1সদাপ্রভুই রাজা; সমস্ত জাতি কেঁপে উঠুক।

তিনি করূবদের উপরে সিংহাসনে বসে আছেন;

পৃথিবী টলমল করুক।

2সিয়োনে বাসকারী সদাপ্রভু মহান;

সমস্ত জাতি তাঁর অধীন।

3সেই জাতিরা তাঁর গৌরব করুক;

তিনি মহান ও ভক্তিপূর্ণ ভয়-জাগানো ঈশ্বর;

তিনি পবিত্র।

4যে রাজা ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকে

তুমিই অটল করেছ,

যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন।

তুমিই যাকোবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।

5আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর;

তাঁর পা-দানির সামনে উবুড় হয়ে তাঁকে শ্রদ্ধা জানাও;

তিনি পবিত্র।

6তাঁর পুরোহিতদের মধ্যে ছিলেন মোশি ও হারোণ;

যাঁরা তাঁর কাছে প্রার্থনা করতেন তাঁদের মধ্যে ছিলেন শমূয়েল।

মোশি, হারোণ ও শমূয়েল সদাপ্রভুকে ডাকতেন

আর তিনি তাঁদের উত্তর দিতেন।

7তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন;

তাঁরা তাঁর বাক্য ও তাঁর দেওয়া আদেশ পালন করতেন।

8হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাঁদের ডাকে সাড়া দিতে;

তুমি তাঁদের ক্ষমাময় ঈশ্বর ছিলে,

যদিও তাঁদের অন্যায়ের শাস্তি দিতে তুমি ছাড় নি।

9সেইজন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর;

তাঁর পবিত্র পাহাড়ের সামনে তাঁকে শ্রদ্ধা জানাও,

কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।