Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



15

সদাপ্রভু রাজা শৌলকে অগ্রাহ্য করলেন

1শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর লোক ইস্রায়েলীয়দের উপরে তোমাকে রাজপদে অভিষেক করবার জন্য আমাকে পাঠিয়েছিলেন। এখন তুমি সদাপ্রভুর কথায় কান দাও। 2সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘ইস্রায়েলীয়েরা মিসর থেকে চলে আসবার পথে অমালেকীয়েরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে আমি তাদের শাস্তি দেব। 3এখন তুমি গিয়ে অমালেকীয়দের আক্রমণ করবে এবং তাদের যা কিছু আছে সব ধ্বংস করে ফেলবে; তাদের প্রতি কোন দয়া করবে না। তাদের স্ত্রী-পুরুষ, ছেলে-মেয়ে, দুধ-খাওয়া শিশু, গরু-ভেড়া, উট, গাধা সব মেরে ফেলবে।’ ”

4শৌল তখন লোকদের টলায়ীম শহরে ডেকে জড়ো করলেন। তাতে ইস্রায়েলের পদাতিক সৈন্যের সংখ্যা হল দুই লক্ষ এবং যিহূদা-গোষ্ঠীর সৈন্যের সংখ্যা হল দশ হাজার। 5শৌল অমালেকীয়দের শহরের কাছে গিয়ে সেখানকার শুকিয়ে যাওয়া নদীর খাদের মধ্যে ওৎ পেতে রইলেন। 6তিনি কেনীয়দের বললেন, “ইস্রায়েলীয়েরা যখন মিসর থেকে বের হয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে। তোমরা অমালেকীয়দের মধ্য থেকে অন্য কোথাও চলে যাও, যাতে অমালেকীয়দের সংগে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি।” তখন কেনীয়েরা অমালেকীয়দের মধ্য থেকে চলে গেল।

7শৌল তখন হবীলা এলাকা থেকে মিসরের পূর্ব দিকে শূর মরু-এলাকা পর্যন্ত সমস্ত অমালেকীয়দের হারিয়ে দিলেন। 8তিনি অমালেকীয়দের রাজা অগাগকে জীবিত অবস্থায় ধরলেন এবং অন্য সব লোকদের মেরে ফেললেন। 9কিন্তু শৌল ও তাঁর সৈন্যেরা অগাগকে বাঁচিয়ে রাখলেন এবং অমালেকীয়দের ভাল ভাল গরু, ভেড়া, মোটাসোটা বাছুর এবং ভেড়ার বাচ্চা, এক কথায় তাদের যা কিছু ভাল ছিল সেগুলো তাঁরা বাঁচিয়ে রাখলেন। সেগুলোকে ধ্বংস করে দিতে তাঁরা রাজী হলেন না, কিন্তু অকেজো এবং রোগাগুলোকে তাঁরা একেবারে শেষ করে দিলেন।

10তখন সদাপ্রভুর এই বাক্য শমূয়েলের কাছে প্রকাশিত হল, 11“শৌলকে রাজা করাটা আমার দুঃখের কারণ হয়েছে, কারণ সে আমার কাছ থেকে সরে গেছে এবং আমার আদেশ অমান্য করেছে।” এই কথা শুনে শমুয়েল উত্তেজিত হলেন এবং গোটা রাতটা তিনি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করে কাটালেন।

12পরদিন ভোরে উঠে শমূয়েল শৌলের সংগে দেখা করতে গেলেন। সেখানে তাঁকে বলা হল যে, শৌল কর্মিল পাহাড়ে গিয়ে নিজের সম্মানের জন্য সেখানে একটা স্তম্ভ তৈরী করবার পর গিল্‌গলে চলে গেছেন।

13শমূয়েল তখন শৌলের কাছে গেলেন। শৌল তাঁকে বললেন, “সদাপ্রভু আপনার মংগল করুন। সদাপ্রভুর আদেশ আমি পালন করেছি।”

14শমূয়েল বললেন, “তবে ভেড়ার ডাক আমার কানে আসছে কেন? গরুর ডাকই বা আমি শুনতে পাচ্ছি কেন?”

15উত্তরে শৌল বললেন, “অমালেকীয়দের কাছ থেকে ওগুলো আনা হয়েছে। আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য সৈন্যেরা ভাল ভাল গরু ও ভেড়া রেখে দিয়েছে; তবে বাকী সব কিছু আমরা একেবারে শেষ করে দিয়েছি।”

16শমূয়েল তখন শৌলকে বললেন, “চুপ কর। গত রাতে সদাপ্রভু আমাকে যা বলেছেন তা আমি তোমাকে বলি।”

শৌল বললেন, “বলুন।”

17শমূয়েল বললেন, “একদিন তুমি নিজের চোখে খুবই সামান্য ছিলে, কিন্তু তবুও কি তুমি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মাথা হও নি? সদাপ্রভুই তোমাকে ইস্রায়েল দেশের উপরে রাজা হিসাবে অভিষেক করেছেন। 18তিনি তোমাকে একটা কাজে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, ‘তুমি গিয়ে সেই পাপীদের, অর্থাৎ অমালেকীয়দের একেবারে শেষ করে ফেলবে। তারা একেবারে শেষ না হওয়া পর্যন্ত তাদের সংগে যুদ্ধ করবে।’ 19তুমি সদাপ্রভুর আদেশ পালন কর নি কেন? কেন তুমি লুটের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়লে এবং সদাপ্রভুর চোখে যা খারাপ তা-ই করলে?”

20শৌল বললেন, “কিন্তু আমি তো সদাপ্রভুর আদেশ পালন করেছি। যে কাজে সদাপ্রভু আমাকে পাঠিয়েছিলেন আমি সেই কাজ করেছি। আমি অমালেকীয়দের একেবারে শেষ করে দিয়েছি এবং তাদের রাজা অগাগকে ধরে নিয়ে এসেছি। 21তবে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস থেকে সৈন্যেরা কতগুলো ভাল ভাল গরু ও ভেড়া এনেছে, যাতে গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সেগুলো তারা উৎসর্গ করতে পারে।”

22তখন শমূয়েল বললেন, “সদাপ্রভুর আদেশ পালন করলে তিনি যত খুশী হন, পোড়ানো-উৎসর্গ ও পশু-উৎসর্গে কি তিনি তত খুশী হন? পশু-উৎসর্গের চেয়ে তাঁর আদেশ পালন করা আর ভেড়ার চর্বির চেয়ে তাঁর কথার বাধ্য হওয়া অনেক ভাল। 23বিদ্রোহ করা আর গোণাপড়ার কাজ করা একই পাপ; অবাধ্যতা আর প্রতিমাপূজা একই অন্যায়। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ তাই তিনিও তোমাকে রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”

24শৌল তখন শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি। সদাপ্রভুর আদেশ আর আপনার নির্দেশ আমি সত্যিই অমান্য করেছি। লোকদের ভয়ে আমি তাদের কথামতই কাজ করেছি। 25এখন আমার প্রতি দয়া করে আমার পাপ আপনি ক্ষমা করে দিন, আর আমার সংগে চলুন যাতে আমি সদাপ্রভুর উপাসনা করতে পারি।”

26কিন্তু শমূয়েল তাঁকে বললেন, “আমি তোমার সংগে যাব না। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ তাই সদাপ্রভুও তোমাকে ইস্রায়েলীয়দের রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”

27এই বলে শমূয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই শৌল তাঁর কাপড়ের একটা অংশ টেনে ধরলেন; তাতে তাঁর কাপড় ছিঁড়ে গেল। 28তখন শমূয়েল তাঁকে বললেন, “সদাপ্রভু আজ তোমার কাছ থেকে ইস্রায়েলীয়দের রাজ্যটাও এইভাবে ছিনিয়ে নিলেন আর তোমার চেয়ে ভাল তোমার এক দেশবাসীকে তা দিলেন। 29যিনি ইস্রায়েলের গৌরব তিনি মিথ্যা কথা বলেন না কিম্বা মনও বদলান না। তিনি মানুষ নন যে, মন বদলাবেন।”

30শৌল বললেন, “আমি পাপ করেছি; তবুও আমার অনুরোধ এই যে, আমার জাতির বৃদ্ধ নেতাদের ও ইস্রায়েলীয়দের সামনে আমার সম্মান রাখুন। আমি যাতে আপনার ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করতে পারি সেইজন্য আপনি আমার সংগে চলুন।” 31কাজেই শমূয়েল শৌলের সংগে গেলেন আর শৌল সদাপ্রভুর উপাসনা করলেন।

32পরে শমূয়েল বললেন, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এস।” এই কথা শুনে অগাগ তাঁর মোটা শরীর নিয়ে হেলে-দুলে শমূয়েলের কাছে আসলেন। তিনি ভাবলেন মৃত্যুর যন্ত্রণা এখন আর নেই।

33কিন্তু শমূয়েল বললেন, “তোমার তলোয়ারে অনেক স্ত্রীলোক যেমন সন্তানহারা হয়েছে, তেমনি স্ত্রীলোকদের মধ্যে তোমার মা-ও সন্তানহারা হবে।” এই কথা বলে শমূয়েল গিল্‌গলে সদাপ্রভুর সামনে অগাগকে টুকরা টুকরা করে কেটে ফেললেন। 34তারপর তিনি রামায় চলে গেলেন আর শৌল গিবিয়াৎ-শৌল শহরে তাঁর নিজের বাড়ীতে গেলেন।

35শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শৌলের সংগে আর দেখা করেন নি। ইস্রায়েলীয়দের উপর শৌলকে রাজা করাটা সদাপ্রভুর দুঃখের কারণ হয়েছিল বলে শমূয়েল তাঁর জন্য দুঃখ করতেন।