Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

12
শীশকের যিরূশালেম আক্রমণ
1রহবিয়ামের রাজপদ যখন শক্ত হল এবং তিনি শক্তিশালী হয়ে উঠলেন তখন তিনি ও তাঁর সংগে সমস্ত ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর আইন-কানুন পালন করা ত্যাগ করলেন। 2সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হওয়াতে রাজা রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিসরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করলেন। 3শীশকের সংগে বারোশো রথ, ষাট হাজার ঘোড়সওয়ার এবং অসংখ্য লূবীয়, সুক্কীয় ও কূশীয় সৈন্য মিসর থেকে এসেছিল। 4তিনি যিহূদার দেয়াল-ঘেরা শহরগুলো অধিকার করে নিয়ে যিরূশালেম পর্যন্ত চলে আসলেন।
5নবী শময়িয় তখন রহবিয়াম ও যিহূদার নেতাদের কাছে আসলেন। সেই নেতারা শীশকের ভয়ে যিরূশালেমে এসে জড়ো হয়েছিলেন। শময়িয় তাঁদের বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘তোমরা আমাকে ত্যাগ করেছ, সেইজন্য আমিও এখন শীশকের হাতে তোমাদের তুলে দিয়েছি।’ ”
6এতে রাজা ও ইস্রায়েলীয় নেতারা নিজেদের নত করলেন ও বললেন, “সদাপ্রভু ন্যায় বিচারক।”
7সদাপ্রভু যখন দেখলেন যে, তাঁরা নিজেদের নত করেছেন তখন তিনি শময়িয়কে বললেন, “তারা নিজেদের নত করেছে বলে আমি তাদের ধ্বংস না করে শাস্তির হাত থেকে কিছুটা রেহাই দেব। আমার ক্রোধ শীশকের মধ্য দিয়ে যিরূশালেমের উপর ঢেলে দেওয়া হবে না, 8কিন্তু তারা তার অধীন হবে। এতে তারা আমার সেবা করবার ও অন্যান্য দেশের রাজাদের সেবা করবার মধ্যে যে পার্থক্য রয়েছে তা বুঝতে পারবে।”
9মিসরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করে সদাপ্রভুর ঘরের ও রাজবাড়ীর সমস্ত ধন-দৌলত নিয়ে চলে গেলেন। তিনি সব কিছুই নিয়ে গেলেন, এমন কি, শলোমনের তৈরী সোনার ঢালগুলোও নিয়ে গেলেন। 10কাজেই রাজা রহবিয়াম সেগুলোর বদলে ব্রোঞ্জের ঢাল তৈরী করালেন। রাজবাড়ীর দরজায় যে সব সৈন্যেরা পাহারা দিত তাদের সেনাপতিদের কাছে তিনি সেগুলো রক্ষা করবার ভার দিলেন। 11রাজা যখন সদাপ্রভুর ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো নিয়ে তাঁর সংগে যেত এবং পরে তারা সেগুলো পাহারা-ঘরে জমা দিত।
12রহবিয়াম নিজেকে নত করেছিলেন বলে তাঁর উপর সদাপ্রভুর যে ক্রোধ ছিল তা থেমে গেল এবং তাঁর সর্বনাশ হল না। তখনও যিহূদার মধ্যে কিছু ভাল ছিল।
13রাজা রহবিয়াম যিরূশালেমে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠা করে রাজত্ব করেছিলেন। তিনি যখন রাজা হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল একচল্লিশ। ইস্রায়েলের গোষ্ঠীগুলোর সমস্ত জায়গার মধ্য থেকে যে শহরটা সদাপ্রভু নিজের বাসস্থান হিসাবে বেছে নিয়েছিলেন সেই যিরূশালেম শহরে রহবিয়াম সতেরো বছর রাজত্ব করেছিলেন। রহবিয়ামের মায়ের নাম ছিল নয়মা; তিনি ছিলেন অম্মোনীয়া। 14সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য মন স্থির করেন নি বলে রহবিয়াম যা মন্দ তা-ই করতেন।
15রহবিয়ামের অন্যান্য কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত নবী শময়িয়ের লেখা এবং দর্শক ইদ্দোর লেখা বংশ-তালিকায় লেখা আছে। রহবিয়াম ও যারবিয়ামের মধ্যে অনবরত যুদ্ধ চলত। 16পরে রহবিয়াম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং দায়ূদ-শহরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে অবিয় রাজা হলেন।