Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

17
যিহূদার রাজা যিহোশাফট
1আসার জায়গায় তাঁর ছেলে যিহোশাফট রাজা হলেন। তিনি ইস্রায়েলের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তুললেন। 2যিহূদার সমস্ত দেয়াল-ঘেরা শহর ও গ্রামগুলোতে তিনি সৈন্যদল রাখলেন এবং যিহূদা দেশ ও তাঁর বাবার দখল করা ইফ্রয়িম এলাকার গ্রাম ও শহরগুলোতেও সৈন্য রাখলেন।
3-4সদাপ্রভু যিহোশাফটের সংগে ছিলেন, কারণ তাঁর পূর্বপুরুষ দায়ূদ প্রথমে যেভাবে চলতেন তিনিও সেইভাবে চলতেন। তিনি বাল দেবতাদের পূজা না করে বরং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করতেন এবং ইস্রায়েলের মত কাজ না করে ঈশ্বরের আদেশ মত চলতেন। 5সেইজন্য সদাপ্রভু তাঁর অধীনে রাজ্য স্থির রাখলেন। যিহূদার সমস্ত লোক যিহোশাফটকে উপহার দিল; এতে তাঁর অনেক ধন-সম্পদ ও সম্মান বেড়ে গেল। 6সদাপ্রভুর পথে চলতে তাঁর খুব আগ্রহ ছিল। তা ছাড়া তিনি যিহূদা দেশ থেকে পূজার উঁচু স্থানগুলো ও আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছিলেন।
7তাঁর রাজত্বের তৃতীয় বছরের সময় তিনি যিহূদার সমস্ত গ্রাম ও শহরের লোকদের শিক্ষা দেবার জন্য তাঁর কর্মচারী বিন্-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে পাঠিয়ে দিলেন। 8তাঁদের সংগে ছিলেন শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, অদোনিয়, টোবিয় ও টোব্-অদোনীয় নামে কয়েকজন লেবীয় এবং ইলীশামা ও যিহোরাম নামে দু’জন পুরোহিত। 9সদাপ্রভুর আইন-কানুনের বই সংগে নিয়ে তাঁরা যিহূদা দেশের সব জায়গায় তা থেকে শিক্ষা দিলেন।
10যিহূদা দেশের আশেপাশের সব রাজ্যের উপর সদাপ্রভুর কাছ থেকে এমন ভয় নেমে আসল যে, তারা যিহোশাফটের সংগে যুদ্ধ করল না। 11কয়েকজন পলেষ্টীয় কর্ হিসাবে যিহোশাফটের কাছে উপহার ও রূপা নিয়ে আসল এবং আরবীয়েরা নিয়ে আসল সাত হাজার সাতশো ভেড়া আর সাত হাজার সাতশো ছাগল। 12এইভাবে যিহোশাফট আরও ক্ষমতাশালী হয়ে উঠতে লাগলেন। তিনি যিহূদা দেশে কতগুলো দুর্গ ও ভাণ্ডার-শহর তৈরী করলেন। 13তিনি যিহূদার শহরগুলোতে অনেক জিনিসপত্র মজুদ করলেন এবং যিরূশালেমে দক্ষ যোদ্ধাদের রাখলেন। 14বংশ অনুসারে তাদের সংখ্যা ও সেনাপতিদের নাম এই:
যিহূদা-গোষ্ঠী থেকে- প্রধান সেনাপতি অদ্ন ও তাঁর তিন লক্ষ যোদ্ধা; 15দ্বিতীয় সেনাপতি যিহোহানন ও তাঁর দুই লক্ষ আশি হাজার যোদ্ধা; 16তৃতীয় সেনাপতি সিখ্রির ছেলে অমসিয় ও তাঁর দুই লক্ষ যোদ্ধা। অমসিয় সদাপ্রভুর কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন।
17বিন্যামীন-গোষ্ঠী থেকে- নাম-করা বীর প্রধান সেনাপতি ইলিয়াদা ও তাঁর ধনুক ও ঢালধারী দুই লক্ষ যোদ্ধা; 18দ্বিতীয় সেনাপতি যিহোষাবদ ও তাঁর এক লক্ষ আশি হাজার দক্ষ যোদ্ধা।
19এই সব যোদ্ধারা রাজার কাজে নিযুক্ত ছিল। এরা ছাড়াও যিহূদার দেয়াল-ঘেরা গ্রাম ও শহরগুলোতে আরও সৈন্য রাখা হয়েছিল।