Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

5
1এইভাবে শলোমন সদাপ্রভুর ঘরের সমস্ত কাজ শেষ করলেন। তারপর তিনি তাঁর বাবা দায়ূদ যে সব জিনিস সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন সেগুলো নিয়ে আসলেন। সেগুলো ছিল সোনা, রূপা ও বিভিন্ন পাত্র। সেগুলো তিনি ঈশ্বরের ঘরের ধনভাণ্ডারে রেখে দিলেন।
সাক্ষ্য-সিন্দুক উপাসনা-ঘরে আনা
2এর পর শলোমন দায়ূদ-শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের, গোষ্ঠী-সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে ডেকে পাঠালেন। 3তাতে সপ্তম মাসে পর্বের সময়ে ইস্রায়েলের ঐ সমস্ত লোক রাজার কাছে উপস্থিত হলেন।
4ইস্রায়েলের সব বৃদ্ধ নেতারা উপস্থিত হলে পর লেবীয়েরা সিন্দুকটি তুলে নিল। 5তারা এবং পুরোহিতেরা সিন্দুকটি, মিলন-তাম্বু এবং সমস্ত পবিত্র পাত্র বয়ে নিলেন। 6রাজা শলোমন ও তাঁর কাছে জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়েরা সিন্দুকটির সামনে সামনে থেকে এত ভেড়া ও গরু উৎসর্গ করলেন যে, সেগুলোর সংখ্যা গোণা গেল না।
7তারপর পুরোহিতেরা সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি নির্দিষ্ট জায়গায়, উপাসনা-ঘরের ভিতরের কামরায়, অর্থাৎ মহাপবিত্র স্থানে করূবদের ডানার নীচে নিয়ে রাখলেন। 8তাতে করূবদের মেলে দেওয়া ডানায় সিন্দুক ও তা বহন করবার ডাণ্ডাগুলো ঢাকা পড়ল। 9সিন্দুকের এই ডাণ্ডাগুলো এত লম্বা ছিল যে, সেগুলোর মাথা ভিতরের কামরার সামনের প্রধান কামরা, অর্থাৎ পবিত্র স্থান থেকে দেখা যেত, কিন্তু পবিত্র স্থানের বাইরে থেকে দেখা যেত না। সেগুলো আজও সেখানে রয়েছে। 10ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে সদাপ্রভু হোরেব পাহাড়ে তাদের জন্য যখন ব্যবস্থা স্থাপন করেছিলেন তখন মোশি যে পাথরের ফলক দু’টি সিন্দুকের মধ্যে রেখেছিলেন সেই দু’টি ছাড়া আর কিছুই তার মধ্যে ছিল না।
11তারপর সব পুরোহিতেরা পবিত্র স্থান থেকে বাইরে আসলেন। সেই পুরোহিতেরা যে কোন দলেরই হন না কেন, সবাই নিজেদের শুচি করেছিলেন। 12যে সব লেবীয়েরা গান-বাজনা করতেন, অর্থাৎ আসফ, হেমন, যিদূথূন এবং তাঁদের ছেলেরা ও তাঁদের বংশের লোকেরা মসীনার কাপড় পরে বেদীর পূর্ব দিকে দাঁড়িয়ে করতাল, বীণা ও সুরবাহার বাজাচ্ছিলেন। তাঁদের সংগে ছিলেন একশো বিশ জন পুরোহিত যাঁরা তূরী বাজাচ্ছিলেন। 13পুরোহিতেরা যখন বাইরে আসলেন তখন তূরী বাদকেরা ও গায়কেরা একসংগে এক সুরে সদাপ্রভুর গৌরব করলেন ও তাঁকে ধন্যবাদ দিলেন। তূরী, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে সদাপ্রভুর উদ্দেশে এই গান করলেন,
“তিনি মংগলময়,
তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
সেই সময় সদাপ্রভুর ঘর মেঘে ভরে গেল। 14সেই মেঘের জন্য পুরোহিতেরা তাঁদের সেবা-কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় ঈশ্বরের ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।