Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

31
মোশির পরে যিহোশূয়
1পরে মোশি সমস্ত ইস্রায়েলীয়দের বললেন, 2“আমার বয়স একশো বিশ বছর হয়ে গেছে। আমার কাজ আর আমি করতে পারছি না। সদাপ্রভুও আমাকে বলেছেন যে, যর্দন নদী পার হয়ে যাওয়া আমার হবে না। 3তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই নদী পার হয়ে তোমাদের আগে আগে যাবেন। তোমাদের সামনে থেকে ঐ সব জাতিদের তিনিই ধ্বংস করে দেবেন আর তোমরা তাদের দেশ দখল করে নেবে। সদাপ্রভুর কথা অনুসারে যিহোশূয়ই নদী পার হয়ে তোমাদের আগে আগে যাবে। 4ইমোরীয়দের রাজা সীহোন এবং ওগ আর তাঁদের দেশ যেমন সদাপ্রভু ধ্বংস করে দিয়েছিলেন তেমনি করে তিনি সেই সব জাতিও ধ্বংস করে ফেলবেন। 5তাদের তিনি তোমাদের হাতে তুলে দেবেন আর আমি তাদের প্রতি যা করবার আদেশ দিয়েছি তোমরা তাদের প্রতি তা-ই করবে। 6তোমরা শক্ত হও ও মনে সাহস আন। তাদের দেখে তোমরা ভয় পেয়ো না কিম্বা কেঁপে উঠো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সংগে যাবেন। তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”
7এর পর মোশি যিহোশূয়কে ডাকলেন এবং সমস্ত ইস্রায়েলীয়দের সামনে তাঁকে বললেন, “তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন, কারণ তোমাকেই এই লোকদের সংগে সেই দেশে যেতে হবে যে দেশটা এদের দেবার শপথ সদাপ্রভু এদের পূর্বপুরুষদের কাছে করেছিলেন। তোমাকেই সেই দেশটা সম্পত্তি হিসাবে এদের মধ্যে ভাগ করে দিতে হবে। 8সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সংগে থাকবেন। তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় কোরো না, উৎসাহ হারায়ো না।”
আইন-কানুন পাঠ
9লেবি-গোষ্ঠীর পুরোহিতেরা, যাঁরা সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি বয়ে নিয়ে যেতেন, মোশি সমস্ত আইন-কানুন লিখে তাঁদের হাতে ও ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতাদের হাতে দিলেন। 10-11তিনি তাঁদের আদেশ দিলেন, “প্রত্যেক সপ্তম বছরে, অর্থাৎ ঋণ মকুবের বছরে যখন কুঁড়ে-ঘরের পর্বের সময় আসবে এবং সমস্ত ইস্রায়েলীয়েরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবার জন্য তাঁর বেছে নেওয়া জায়গায় যাবে তখন তোমরা এই আইন-কানুন তাদের পড়ে শোনাবে। 12পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং তোমাদের বিভিন্ন গ্রাম ও শহরের ভিন্ন জাতির লোকদের ডেকে তোমরা একসংগে জড়ো করবে, যাতে তারা তা শুনতে পারে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করতে শেখে আর এই আইন-কানুনের সমস্ত কথা যত্নের সংগে পালন করে। 13এইভাবে তাদের ছেলেমেয়েরা, যাদের এই আইন-কানুনের কথা জানা থাকবে না, তারাও তা শুনতে পাবে এবং এই শিক্ষা পাবে যে, যর্দন পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ সেখানে সারা জীবন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তাদের ভক্তি করতে হবে।”
বিদ্রোহের ভবিষ্যদ্বাণী
14এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তোমার মৃত্যুর দিন কাছে এসে গেছে। যিহোশূয়কে ডেকে নিয়ে তুমি মিলন-তাম্বুতে যাও। সেখানে আমি তাকে তার কাজের ভার দেব।” কাজেই মোশি ও যিহোশূয় মিলন-তাম্বুতে সদাপ্রভুর সামনে উপস্থিত হলেন।
15তখন সদাপ্রভু মেঘের থামের মধ্যে সেই তাম্বুতে উপস্থিত হলেন এবং সেই থামটি তাম্বুর দরজার কাছে গিয়ে দাঁড়াল। 16সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি তোমার পূর্বপুরুষদের কাছে বিশ্রাম করতে যাচ্ছ, কিন্তু এই লোকেরা যে দেশে ঢুকতে যাচ্ছে সেখানে খুব শীঘ্রই তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে সেখানকার দেবপূজায় নিজেদের বিকিয়ে দেবে। তারা আমাকে ত্যাগ করবে এবং আমি তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছি তারা তার খেলাপ করবে। 17যেদিন তারা তা করবে সেই দিন ক্রোধে আমি তাদের ত্যাগ করব। আমি তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নেব আর তারা ধ্বংস হয়ে যাবে। তখন তাদের উপর অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে। সেই দিন তারা বলবে, ‘আমাদের ঈশ্বর আমাদের সংগে নেই বলেই আমাদের উপর এই সব বিপদ এসেছে।’ 18তারা দেব-দেবতাদের দিকে ফিরে যে সব মন্দ কাজ করবে সেইজন্য আমি নিশ্চয়ই সেই দিন আমার মুখ ফিরিয়ে নেব।
19“তোমরা এখন এই গানটা লিখে নাও। এটা ইস্রায়েলীয়দের শিখাবে এবং তাদের দিয়ে গাওয়াবে, যাতে তাদের বিরুদ্ধে এটা আমার পক্ষে একটা সাক্ষী হয়ে থাকে। 20তাদের পূর্বপুরুষদের কাছে আমার শপথ করা সেই দুধ আর মধুতে ভরা দেশে যখন আমি তাদের নিয়ে যাব আর যখন তারা পেট ভরে খেয়ে সুখে থাকবে তখন তারা আমাকে তুচ্ছ করে আমার ব্যবস্থার খেলাপ করে দেব-দেবতার পিছনে গিয়ে তাদের পূজা করবে। 21ফলে তাদের উপর যখন অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে তখন এই গানটাই তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, কারণ তাদের বংশধরেরা গানটা ভুলে যাবে না। আমার শপথ করে প্রতিজ্ঞা করা দেশে তাদের নিয়ে যাওয়ার আগেই আমি জানি যে, তাদের অন্তরে এখন কি রয়েছে।” 22মোশি ঐ দিন গানটা লিখে ইস্রায়েলীয়দের শিখিয়েছিলেন।
23নূনের ছেলে যিহোশূয়কে সদাপ্রভু এই আদেশ দিলেন, “তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন। যে দেশ দেবার প্রতিজ্ঞা আমি শপথ করে ইস্রায়েলীয়দের কাছে করেছিলাম সেখানে তুমিই তাদের নিয়ে যাবে। আমি নিজেই তোমার সংগে থাকব।”
24মোশি এই আইন-কানুন আগাগোড়া একটি বইয়ে লিখে নিলেন। 25তারপর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বহনকারী লেবীয়দের তিনি বললেন, 26“আইন-কানুনের এই বইটা নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকের পাশে রাখ। এটা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে সাক্ষী হয়ে সেখানে থাকবে। 27তোমরা যে কেমন একগুঁয়ে ও বিদ্রোহী তা আমার জানা আছে। আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতেই যখন তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করেছ তখন আমি মারা যাওয়ার পরে আরও কত বেশী করেই না তা করবে। 28তোমরা তোমাদের গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের ও কর্মচারীদের সবাইকে আমার সামনে জড়ো কর। আমি তাদের এই সব কথা বলতে চাই আর মহাকাশ ও পৃথিবীকে তাদের বিরুদ্ধে সাক্ষী রেখে যেতে চাই। 29আমি জানি যে, আমার মৃত্যুর পরে তোমরা একেবারেই খারাপ হয়ে যাবে এবং যে পথে আমি তোমাদের চলবার নির্দেশ দিয়েছি তোমরা তা থেকে সরে যাবে। ভবিষ্যতে তোমাদের উপর বিপদ নেমে আসবে, কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তোমরা তা করবে এবং তোমাদের নিজের হাতে গড়া মূর্তি দিয়ে তোমরা তাঁকে অসন্তুষ্ট করে তুলবে।”
মোশির গান
30তারপর মোশি এই গানের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়দের শোনালেন: