Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

6
দারিয়াবসের আদেশ
1রাজা দারিয়াবস আদেশ দিলে পর লোকেরা বাবিলের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় গিয়ে সেগুলো খুঁজে দেখলেন। 2এতে মাদীয় প্রদেশের অক্মথা নামে রাজধানীতে একটা গুঁটিয়ে-রাখা বই পাওয়া গেল। তাতে এই কথা লেখা ছিল:
স্মারক লিপি
3রাজা কোরসের রাজত্বের প্রথম বছরে যিরূশালেমের ঈশ্বরের ঘর সম্বন্ধে তিনি এই আদেশ দিলেন: “পশু-উৎসর্গের জায়গা হিসাবে উপাসনা-ঘরটি আবার তৈরী করা হোক এবং তার ভিত্তি শক্তভাবে স্থাপন করা হোক। সেটি হবে ষাট হাত উঁচু এবং ষাট হাত চওড়া। 4তাতে থাকবে তিন সারি বড় বড় পাথরের উপর এক সারি কাঠ। রাজার ধনভাণ্ডার থেকে সমস্ত খরচ দেওয়া হোক। 5এছাড়া নবূখদ্নিৎসর যিরূশালেমের উপাসনা-ঘর থেকে যে সব সোনা-রূপার পাত্র বাবিলে নিয়ে গিয়েছিলেন সেগুলোও আবার ঈশ্বরের ঘরে ঠিক জায়গায় রাখা হোক।”
6তখন রাজা দারিয়াবস এই উত্তর দিলেন:
“ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয় এবং শথরবোষণয় ও সেখানকার উঁচু পদের কর্মচারীরা, আপনারা এখন সেই জায়গা থেকে দূরে থাকবেন। 7ঈশ্বরের এই ঘরের কাজে আপনারা বাধা দেবেন না। যিহূদীদের শাসনকর্তা ও তাদের বৃদ্ধ নেতারা ঈশ্বরের সেই ঘরটি আগের জায়গাতেই আবার তৈরী করুক। 8এছাড়া ঈশ্বরের সেই ঘরটি তৈরী করবার কাজে যিহূদীদের বৃদ্ধ নেতাদের জন্য আপনাদের যা করতে হবে সেই বিষয়ে আমি আদেশ দিচ্ছি। সেই কাজ যাতে বন্ধ হয়ে না যায় সেইজন্য এই সব লোকদের পুরো খরচপত্র দিতে হবে রাজভাণ্ডার থেকে, অর্থাৎ ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোর রাজকর্ থেকে। 9স্বর্গের ঈশ্বরের উদ্দেশে পোড়ানো-উৎসর্গের জন্য যিরূশালেমের পুরোহিতদের এঁড়ে বাছুর, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, নুন, আংগুর-রস ও তেল, অর্থাৎ যা কিছু দরকার তা দিতে হবে। তাদের চাহিদামত প্রতিদিন এই সব অবশ্যই দিতে হবে, 10যাতে তারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য উৎসর্গের অনুষ্ঠান করতে পারে এবং রাজা ও রাজপুত্রদের মংগলের জন্য প্রার্থনা করতে পারে। 11আমি আরও আদেশ দিচ্ছি, যদি কেউ এই আদেশ অমান্য করে তবে তার ঘর থেকে একটা কড়িকাঠ বের করে এনে তা চোখা করে তাকে এফোঁড়-ওফোঁড় করা হবে। তার এই অন্যায়ের জন্য তার ঘরটা একটা আবর্জনার স্তূপ করে ফেলা হবে। 12কোন রাজা বা কোন জাতি যদি এই আদেশ অমান্য করে যিরূশালেমের সেই উপাসনা-ঘরটি ধ্বংস করতে যায় তবে ঈশ্বর, যিনি সেখানে বাস করেন তিনি যেন তাকে ধ্বংস করেন। আমি দারিয়াবস এই আদেশ দিলাম। এটা যেন যত্নের সংগে পালন করা হয়।”
উপাসনা-ঘরের কাজ শেষ
13রাজা দারিয়াবস সেই আদেশ পাঠিয়েছিলেন বলে ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা তা যত্নের সংগে পালন করলেন। 14নবী হগয় ও ইদ্দোর বংশধর সখরিয় ঈশ্বরের বাক্য অনুসারে উৎসাহ দিচ্ছিলেন আর তার সংগে সংগে যিহূদীদের বৃদ্ধ নেতারা গাঁথনির কাজ সফলতার সংগে চালিয়ে যেতে থাকলেন। ইস্রায়েলের ঈশ্বরের নির্দেশ অনুসারে এবং পারস্যের রাজা কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্তের আদেশে তাঁরা উপাসনা-ঘর তৈরীর কাজ শেষ করলেন। 15রাজা দারিয়াবসের রাজত্বের ছয় বছরের সময় অদর মাসের তৃতীয় দিনে উপাসনা-ঘরের কাজ শেষ হল।
16তারপর ইস্রায়েলীয়েরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা আর বন্দীদশা থেকে ফিরে আসা বাকী লোকেরা আনন্দের সংগে ঈশ্বরের ঘর প্রতিষ্ঠা করল। 17ঈশ্বরের ঘর প্রতিষ্ঠার জন্য তারা একশোটা ষাঁড়, দু’শো ভেড়া ও চারশো ভেড়ার বাচ্চা উৎসর্গ করল। এছাড়া সমস্ত ইস্রায়েলের পাপ-উৎসর্গের জন্য ইস্রায়েলের গোষ্ঠীর সংখ্যা অনুসারে তারা বারোটা ছাগল উৎসর্গ করল। 18মোশির বইয়ে যেমন লেখা ছিল সেই অনুসারে যিরূশালেমে ঈশ্বরের সেবা-কাজের জন্য পুরোহিতদের ও লেবীয়দের বিভিন্ন দলে নিযুক্ত করা হল।
উদ্ধার-পর্ব
19বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা প্রথম মাসের চৌদ্দ দিনের দিন উদ্ধার-পর্ব পালন করল। 20পুরোহিত ও লেবীয়েরা নিজেদের শুচি করল, তাতে তারা সবাই শুচি হল। লেবীয়েরা নিজেদের জন্য, বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকদের জন্য এবং তাদের পুরোহিত ভাইদের জন্য উদ্ধার-পর্বের ভেড়া জবাই করল। 21বন্দীদশা থেকে ফিরে আসা ইস্রায়েলীয়েরা এবং দেশে বাসকারী ইস্রায়েলীয়েরা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য তাদের অযিহূদী প্রতিবেশীদের অশুচি অভ্যাস থেকে নিজেদের আলাদা করেছিল তারা সবাই একসংগে সেই মাংস খেল। 22সাত দিন পর্যন্ত তারা আনন্দের সংগে খামিহীন রুটির পর্ব পালন করল। তারা আনন্দে পূর্ণ হয়েছিল, কারণ আসিরিয়ার রাজা যাতে ইস্রায়েলের ঈশ্বরের ঘরের কাজে তাদের সাহায্য করেন সেইজন্য সদাপ্রভু তাঁর মন পরিবর্তন করেছিলেন।