Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

13
বাবিলের বিষয়ে সদাপ্রভুর কথা
1আমোসের ছেলে যিশাইয় বাবিল সম্বন্ধে দর্শন পেয়েছিলেন।
2সদাপ্রভু বলছেন, “তোমরা গাছপালাহীন পাহাড়ের মাথার উপরে একটা পতাকা তোল; চিৎকার করে যোদ্ধাদের ডাক আর প্রধান লোকদের ফটক দিয়ে ঢুকবার জন্য হাত দিয়ে যোদ্ধাদের ইশারা কর। 3আমার উদ্দেশ্যে আলাদা করা লোকদের আমি আদেশ দিয়েছি; আমার ক্রোধ ঢেলে দেবার জন্য আমি আমার যোদ্ধাদের ডেকেছি। আমার গৌরব প্রকাশিত হয়েছে বলে তারা আনন্দে গর্ব করছে।”
4শোন, পাহাড়-পর্বতের উপরে অনেক লোকের ভিড়ের শব্দ হচ্ছে। শোন, সমস্ত জাতির ও রাজ্যের লোকেরা একসংগে জড়ো হয়ে গোলমাল করছে। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যুদ্ধের জন্য একটা সৈন্যদল সাজাচ্ছেন। 5তারা দূর দেশ থেকে আসছে, তারা পৃথিবীর শেষ সীমা থেকে আসছে; সদাপ্রভু তাঁর ক্রোধের অস্ত্রশস্ত্র নিয়ে গোটা পৃথিবীটাকে ধ্বংস করবার জন্য আসছেন।
6তোমরা জোরে জোরে কাঁদ, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; সেই দিন সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংস আসবে। 7সেইজন্য সকলের হাত নিস্তেজ হয়ে পড়বে আর সমস্ত লোক সাহস হারাবে। 8তারা ভীষণ ভয় পাবে, তাদের ব্যথা ও দারুণ যন্ত্রণা হবে, প্রসবকারিণীর মত তারা ব্যথায় মোচড়াবে, তারা বুদ্ধিহারা হয়ে একে অন্যের দিকে তাকাবে এবং তাদের মুখ আগুনের শিখার মত হবে।
9দেখ, সদাপ্রভুর দিন আসছে। তা নিষ্ঠুরতা, উপ্চে পড়া ক্রোধ ও জ্বলন্ত অসন্তোষ নিয়ে আসছে; পৃথিবীকে ধ্বংসস্থান করবার জন্য আর তার মধ্যেকার পাপীদের বিনষ্ট করবার জন্য আসছে। 10তখন আকাশের তারা ও নক্ষত্রপুঞ্জ আলো দেবে না; সূর্য উঠবার সময়েও অন্ধকার থাকবে আর চাঁদও আলো দেবে না।
11সদাপ্রভু বলছেন, “আমি মন্দতার জন্য জগতকে শাস্তি দেব; দুষ্টদের অন্যায়ের জন্য তাদের শাস্তি দেব। আমি গর্বিতদের বড়াই করা শেষ করে দেব আর নিষ্ঠুরদের অহংকার ভেংগে দেব। 12তখন আমি মানুষকে পাওয়া খাঁটি সোনা পাওয়ার চেয়েও কঠিন করব, ওফীরের সোনা পাওয়ার চেয়ে আরও বেশী কঠিন করব। 13সেইজন্য আমি মহাকাশকে কাঁপাব; সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উপ্চে পড়া ক্রোধে তাঁর জ্বলন্ত ক্রোধের দিনে পৃথিবী তার জায়গা থেকে নড়ে যাবে।
14“শিকারের জন্য তাড়ানো হরিণের মত, রাখাল ছাড়া ভেড়ার মত প্রত্যেকে তার নিজের লোকদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তার নিজের দেশে পালিয়ে যাবে। 15যাদের পাওয়া যাবে তাদের অস্ত্র দিয়ে বিদ্ধ করা হবে; যাদের ধরা হবে তারা তলোয়ারের ঘায়ে মারা পড়বে। 16তাদের চোখের সামনে শিশুদের আছড়ে মারা হবে; তাদের ঘর-বাড়ী লুট করা হবে ও স্ত্রীদের ধর্ষণ করা হবে।
17“দেখ, আমি তাদের বিরুদ্ধে মাদীয়দের খুঁচিয়ে তুলব। তারা রূপার দিকেও খেয়াল করবে না আর সোনা নিয়েও আনন্দ করবে না। 18তারা ধনুক দিয়ে যুবকদের মেরে ফেলবে; তারা শিশুদের প্রতি কোন দয়া করবে না কিম্বা ছেলেমেয়েদের দিকে মমতার চোখে তাকাবে না। 19সমস্ত রাজ্যের মণি বাবিলকে, কলদীয়দের গৌরবের বাবিলকে ঈশ্বর সদোম ও ঘমোরার মত ধ্বংস করবেন। 20তার মধ্যে আর কখনও বাসস্থান হবে না কিম্বা বংশের পর বংশ ধরে কেউ সেখানে বাস করবে না। কোন আরবীয় সেখানে তাম্বু খাটাবে না, কোন রাখাল সেখানে তার পশুপালকে বিশ্রাম করাবে না। 21কিন্তু মরুভূমির প্রাণীরা সেখানে শুয়ে থাকবে, সেখানকার ঘর-বাড়ীগুলো হায়েনায় পরিপূর্ণ হবে, উটপাখীরা সেখানে বাস করবে আর বুনো ছাগলেরা লাফিয়ে বেড়াবে। 22সেখানকার দুর্গের মধ্যে শিয়াল ডাকবে আর খেঁকশিয়াল সৌখিন ঘর-বাড়ীর মধ্যে থাকবে। বাবিলের সময় এসে গেছে, তার দিনগুলো আর বাড়ানো হবে না।”