Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

19
মিসর দেশ সম্বন্ধে সদাপ্রভুর কথা
1মিসর দেশ সম্বন্ধে সদাপ্রভুর কথা এই:
দেখ, সদাপ্রভু একটা দ্রুতগামী মেঘে করে মিসর দেশে আসছেন। তাঁর সামনে মিসরের প্রতিমাগুলো কাঁপবে, আর মিসরীয়দের অন্তরে সাহস থাকবে না।
2সদাপ্রভু বলছেন, “আমি এক মিসরীয়কে অন্য মিসরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব; তাতে ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, শহর শহরের বিরুদ্ধে, আর রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। 3মিসরীয়েরা মনের বল হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনা নিষ্ফল করে দেব। তারা প্রতিমা ও মৃতদের আত্মার কাছে, ভূতের মাধ্যমের কাছে, আর মন্দ আত্মাদের সংগে সম্বন্ধ রক্ষাকারীদের কাছে পরামর্শ চাইবে। 4একজন কড়া মনিবের হাতে আমি মিসরীয়দের তুলে দেব; একজন ভয়ংকর রাজা তাদের শাসন করবে।” এই হল সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভুর কথা।
5নীল নদীর জল শুকিয়ে যাবে, আর নদীর বুকে চর পড়ে তা ফেটে যাবে। 6খালগুলোতে দুর্গন্ধ হবে; মিসরের নদীগুলো ছোট হয়ে শুকিয়ে যাবে; নল ও খাগড়া শুকিয়ে যাবে; 7নীল নদীর পারের সব গাছ-গাছড়াও শুকিয়ে যাবে। নদীর ধারের বীজ লাগানো ক্ষেত শুকিয়ে ফেটে যাবে; চারাগুলো শুকিয়ে উড়ে যাবে, কিছুই থাকবে না। 8জেলেরা হায় হায় করবে আর নীল নদীতে যারা বড়শী ফেলে তারা বিলাপ করবে। যারা জলে জাল ফেলে তারা দুর্বল হয়ে পড়বে। 9যারা মসীনার সুতা প্রস্তুত করে আর যারা পাতলা কাপড় বোনে তারা নিরাশ হবে। 10জগৎ-সংসারের সব ভিত্তি ভেংগে পড়বে আর দিন-মজুরেরা সবাই প্রাণে দুঃখ পাবে।
11সোয়নের উঁচু পদের কর্মচারীরা একেবারে বোকা; ফরৌণের জ্ঞানী পরামর্শদাতারা অর্থহীন উপদেশ দেয়। তোমরা ফরৌণকে কেমন করে বলতে পার, “আমি জ্ঞানী লোকদের একজন এবং খুব পুরানো দিনের রাজাদের বংশধর”? 12তোমার জ্ঞানী লোকেরা এখন কোথায়? মিসরের বিরুদ্ধে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যা ঠিক করেছেন তা তারা নিজেরা জানুক ও তোমাকে বলুক। 13সোয়নের উঁচু পদের কর্মচারীরা বোকা হয়েছে, আর নোফের নেতারা ঠকেছে; মিসরের প্রধান লোকেরা মিসরকে বিপথে নিয়ে গেছে। 14সদাপ্রভু তাদের ভিতরে বিশৃঙ্খলার ভাব সৃষ্টি করেছেন, তাতে মাতাল যেমন তার বমির মধ্যে টলমল করে তেমনি সব কাজে তারা মিসরকে টলমল করায়। 15মিসরের মধ্যে মাথা বা লেজ, খেজুরের ডাল বা নল-খাগড়া, কেউই কিছু করতে পারবে না।
16সেই দিন মিসরীয়েরা স্ত্রীলোকদের মত হবে। তাদের বিরুদ্ধে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু হাত উঠাবেন এবং তা দেখে তারা ভয়ে কাঁপবে। 17মিসরীয়দের কাছে কেউ যিহূদা দেশের নাম করলেই তা তাদের পক্ষে ভীষণ ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের বিরুদ্ধে যা করবেন বলে ঠিক করেছেন তার জন্য তারা ভয় পাবে।
18সেই দিন মিসরের পাঁচটি শহর কনানের ভাষা বলবে এবং সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর প্রতি বিশ্বস্ত থাকবে বলে শপথ করবে। সেই শহরগুলোর মধ্যে একটাকে বলা হবে ধ্বংসের শহর।
19সেই দিন মিসর দেশের মধ্যে সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী আর তার সীমানায় একটা স্তম্ভ থাকবে। 20এই সব হবে মিসর দেশে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উদ্দেশে একটা চিহ্ন ও সাক্ষ্য। তাদের অত্যাচারীদের দরুন তারা যখন সদাপ্রভুর কাছে কাঁদবে তখন তিনি তাদের কাছে একজন উদ্ধারকর্তা ও রক্ষাকারীকে পাঠিয়ে দেবেন এবং তিনি তাদের উদ্ধার করবেন। 21এইভাবে সদাপ্রভু মিসরীয়দের কাছে নিজেকে প্রকাশ করবেন এবং সেই দিন তারা সদাপ্রভুকে স্বীকার করে নেবে। তারা পশু-উৎসর্গ ও শস্য-উৎসর্গ করে তাঁর উপাসনা করবে এবং সদাপ্রভুর কাছে মানত করে তা পূরণ করবে। 22সদাপ্রভু মিসরকে আঘাত করবেন; তিনি তাদের আঘাত করবেন এবং সুস্থও করবেন। তারা সদাপ্রভুর দিকে ফিরবে, আর তিনি তাদের মিনতিতে সাড়া দেবেন ও তাদের সুস্থ করবেন।
23সেই দিন মিসর থেকে আসিরিয়া পর্যন্ত একটা রাজপথ হবে। আসিরিয়েরা মিসরে এবং মিসরীয়েরা আসিরিয়াতে যাওয়া-আসা করবে। মিসরীয় ও আসিরিয়েরা এক সংগে উপাসনা করবে। 24সেই দিন মিসর, আসিরিয়া ও ইস্রায়েল মিলে একটা দল হবে এবং তারা হবে পৃথিবীর মধ্যে একটা আশীর্বাদ। 25সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের এই বলে আশীর্বাদ করবেন, “আমার লোক মিসর, আমার হাতে গড়া আসিরিয়া ও আমার অধিকার ইস্রায়েল আশীর্বাদযুক্ত হোক।”