Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

21
বাবিলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1মরু-সমুদ্র সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই:
নেগেভে যেমন করে ঘূর্ণিবাতাস বয়ে যায় তেমনি করে মরু-এলাকা থেকে, সেই ভয়ংকর দেশ থেকে একটা বিপদ আসছে। 2একটা ভীষণ দর্শন আমাকে দেখানো হয়েছে- বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করছে, আর লুটকারী লুট করছে। হে এলম, আক্রমণ কর; মাদিয়া, ঘেরাও কর। বাবিল যে সব দুঃখ-কষ্ট ঘটিয়েছে তা আমি বন্ধ করে দেব।
3আমি পেটের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন যন্ত্রণা পাচ্ছি যে, শুনতে পাচ্ছি না, এমন ভয় পাচ্ছি যে, দেখতে পাচ্ছি না। 4আমার অন্তর ধুক্ ধুক্ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে সন্ধ্যাবেলার জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা এখন আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
5তারা খাবার সাজাচ্ছে, মাদুর বিছাচ্ছে আর খাওয়া-দাওয়া করছে। হে সেনাপতিরা, ওঠো, ঢালে তেল লাগাও।
6প্রভু আমাকে বলছেন, “তুমি গিয়ে একজন পাহারাদার নিযুক্ত কর। সে যা কিছু দেখবে তার খবর যেন সে দেয়। 7সে যখন জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার দেখবে আর গাধা কিম্বা উটের পিঠে চড়া লোকদের দেখবে, তখন যেন সে সতর্ক হয়, পুরোপুরি সতর্ক হয়।”
8তখন সেই পাহারাদার চেঁচিয়ে বলবে, “হে আমার প্রভু, দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি। 9দেখুন, জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার আসছে।” তারপর সে বলবে, “বাবিলের পতন হয়েছে, পতন হয়েছে। তার সব দেবতাদের মূর্তিগুলো চুরমার হয়ে মাটিতে পড়ে আছে।”
10হে আমার লোকেরা, ফসলের মত তোমাদের তো মাড়াই করা হয়েছে। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কাছ থেকে, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদের জানালাম।
ইদোমের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
11দূমা, অর্থাৎ ইদোম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই:
সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ আছে?”
12পাহারাদার উত্তর দিল, “সকাল হয়ে আসছে, কিন্তু তারপর রাতও আসছে। যদি আবার জিজ্ঞাসা করতে চাও তবে ফিরে এসে আবার জিজ্ঞাসা কোরো।”
আরবের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
13আরব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই:
হে দদানীয় যাত্রীর দল, তোমরা যারা আরবের মরু-এলাকায় তাম্বু খাটাও, 14তোমরা পিপাসিত লোকদের জন্য জল আন। হে টেমা দেশের বাসিন্দারা, তোমরা পালিয়ে যাওয়া লোকদের জন্য খাবার আন। 15তারা তলোয়ারের সামনে থেকে, খোলা তলোয়ারের সামনে থেকে, বাঁকানো ধনুকের সামনে থেকে আর ভয়ংকর যুদ্ধের সামনে থেকে পালিয়ে যাচ্ছে।
16প্রভু আমাকে বললেন, “চুক্তিতে বাঁধা চাকর যেমন বছর গোণে তেমনি ঠিক এক বছরের মধ্যে কেদরের সমস্ত জাঁকজমক শেষ হয়ে যাবে। 17কেদরের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।”