Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

25
সদাপ্রভুর মহান কাজ
1হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর; আমি তোমার গৌরব করব আর তোমার প্রশংসা করব। যে সব আশ্চর্য আশ্চর্য কাজ অনেক দিন আগেই তুমি পরিকল্পনা করেছিলে তা তুমি সম্পূর্ণ বিশ্বস্তভাবে করেছ। 2তুমি শহরকে পাথরের ঢিবি করেছ আর দেয়াল-ঘেরা শহরকে করেছ ধ্বংসের স্তূপ। বিদেশী শত্রুদের দুর্গ আর থাকবে না; তা কখনও আর তৈরী করা হবে না। 3সেইজন্য শক্তিশালী জাতিরা তোমার গৌরব করবে এবং নিষ্ঠুর জাতিদের শহরগুলো তোমাকে ভক্তিপূর্ণ ভয় করবে। 4-5তুমি তো গরীবদের দুর্গ, অভাবীদের কষ্টের সময়কার দুর্গ, ঝড় থেকে রক্ষা পাবার জায়গা আর রোদের গরম থেকে রক্ষা পাবার ছায়া। দেয়ালের গায়ে আঘাত করা ঝড় আর মরুভূমির গরমের মত নিষ্ঠুরদের নিঃশ্বাস থেকে তুমি রক্ষা করে থাক। তুমি বিদেশীদের চেঁচামেচি থামিয়ে দেবে। মেঘের ছায়া যেমন গরম কমিয়ে দেয় তেমনি তুমি নিষ্ঠুরদের গান থামিয়ে দেবে।
6সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই পাহাড়ের উপরে সব জাতির লোকদের জন্য ভাল ভাল খাবার জিনিসের আর পুরানো আংগুর-রসের এক মহাভোজ দেবেন; তাতে থাকবে সবচেয়ে ভাল মাংস আর সবচেয়ে ভাল আংগুর-রস। 7যে পর্দায় সব জাতির লোকেরা ঢাকা পড়েছে, যে চাদর সব জাতিকে ঢেকে ফেলেছে, এই পাহাড়েই তিনি তা নষ্ট করে দেবেন। 8মৃত্যুকে তিনি চিরকালের জন্য ধ্বংস করবেন। প্রভু সদাপ্রভু সকলের চোখের জল মুছিয়ে দেবেন আর সমস্ত পৃথিবী থেকে তাঁর লোকদের অসম্মান দূর করবেন। সদাপ্রভু এই কথা বলেছেন। 9সেই দিন লোকে বলবে, “দেখ, ইনিই আমাদের ঈশ্বর; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম যেন তিনি আমাদের উদ্ধার করেন। ইনিই সদাপ্রভু; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম। এস, আমরা তাঁর উদ্ধার-কাজের জন্য আনন্দ করি ও খুশী হই।”
10সদাপ্রভুর হাত এই পাহাড়ের উপরে থাকবে। গোবরের সংগে খড় যেমন পায়ে মাড়ানো হয় ঠিক তেমনি করে মোয়াবকেও তিনি পায়ে মাড়াবেন। 11সাঁতারু যেমন হাত বাড়িয়ে সাঁতার কাটে তেমনি করে তারা গোবরের মধ্যে হাত বাড়াবে। তাদের হাতের চেষ্টা মিথ্যা হবে; ঈশ্বর তাদের অহংকার ভেংগে দেবেন। 12তিনি মোয়াবের দেয়ালের উঁচু দুর্গগুলো ধ্বংস করবেন; তিনি সেগুলো মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেবেন।