Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

29
যিরূশালেমের দুর্দশা
1হায়, অরীয়েল, অরীয়েল, দায়ূদের বাসস্থানের শহর! তুমি বছরের পর বছর পার করে যাচ্ছ আর তোমার উৎসবগুলো ঘুরে ঘুরে আসছে। 2কিন্তু আমি অরীয়েলের উপর বিপদ আনব। সে শোক ও বিলাপ করবে; সে আমার কাছে একটা অরীয়েলের মত, অর্থাৎ একটা বেদীর মত হবে। 3আমি তোমার চারপাশে তোমার বিরুদ্ধে ছাউনি ফেলব, দুর্গ গড়ে তোমাকে ঘেরাও করব, আর তোমার বিরুদ্ধে উঁচু করে ঢিবি তৈরী করব। 4তোমাকে নীচে নামানো হবে এবং তুমি মাটি থেকে কথা বলবে; ধুলার মধ্য থেকে অস্পষ্টভাবে তোমার কথা বের হবে। ভূতের স্বরের মত মাটি থেকে তোমার স্বর আসবে; ধুলার মধ্য থেকে তোমার কথা ফিস্ ফিস্ করে বের হবে।
5-6কিন্তু তোমার সেই সব শত্রু হবে মিহি ধুলার মত; সেই নিষ্ঠুর দলগুলো হবে উড়ন্ত তুষের মত। হঠাৎ, এক মুহূর্তে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু মেঘের গর্জন, ভূমিকম্প, ভীষণ শব্দ, ঘূর্ণিবাতাস, তুফান ও গ্রাসকারী আগুনের শিখা দিয়ে তাদের শাস্তি দেবেন। 7তখন সমস্ত জাতির যে দলগুলো অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, অর্থাৎ যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করছে আর তাকে বিপদে ফেলছে তারা হবে স্বপ্নের মত আর রাতের বেলার দর্শনের মত। 8যারা সিয়োন পাহাড়ের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই সব জাতির দলগুলোর অবস্থা এই রকম হবে- খিদে পাওয়া লোক যেমন খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু জাগলে পর তার খিদে থেকে যায়; আবার পিপাসা পাওয়া লোক যেমন জল খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু তার পিপাসা মেটে না আর সে দুর্বল অবস্থায় জেগে ওঠে।
9তোমরা অবাক ও আশ্চর্য হও; চোখ বন্ধ করে অন্ধ হও; মাতাল হও, কিন্তু আংগুর-রস খেয়ে নয়; টলতে থাক, কিন্তু মদের দরুন নয়; 10কারণ সদাপ্রভু তোমাদের উপর একটা গাঢ় ঘুম এনেছেন; তোমাদের চোখ যে নবীরা, তোমাদের সেই চোখ তিনি বন্ধ করে দিয়েছেন আর তোমাদের মাথা যে দর্শকেরা, তোমাদের সেই মাথা তিনি ঢেকে দিয়েছেন।
11এই গোটা দর্শনটাই তোমাদের কাছে কেবল সীলমোহর করা জড়ানো বইয়ের মত হয়েছে। যে পড়তে জানে তাকে যদি সেই বইটা দিয়ে বলা হয়, “দয়া করে এটা পড়ুন,” তবে উত্তরে সে বলবে, “আমি পারব না, কারণ এটা সীলমোহর করা হয়েছে।” 12কিম্বা যে পড়তে জানে না তাকে বইটা দিয়ে যদি বলা হয়, “দয়া করে এটা পড়ুন,” তবে উত্তরে সে বলবে, “আমি পড়তে জানি না।”
13প্রভু বলছেন, “এই লোকেরা মুখেই আমার উপাসনা করে আর মুখেই আমাকে সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার কাছ থেকে দূরে থাকে। তারা কেবল মানুষের শিখানো নিয়ম দিয়ে আমার উপাসনা করে। 14কাজেই আমি আবার চমৎকার আশ্চর্য কাজ দিয়ে এই লোকদের হতভম্ব করে দেব; তাতে জ্ঞানীদের জ্ঞান নষ্ট হয়ে যাবে আর বুদ্ধিমানদের বুদ্ধি অদৃশ্য হবে।”
15ধিক্ সেই লোকদের, যারা সদাপ্রভুর কাছ থেকে তাদের পরিকল্পনা লুকাবার জন্য প্রাণপণ চেষ্টা করে। তারা অন্ধকারে তাদের কাজ করে আর ভাবে, “কে আমাদের দেখছে? কে জানতে পারবে?” 16তোমাদের কেমন উল্টা বুদ্ধি! তোমরা তো কুমার আর মাটিকে একই সমান ধরছ! যে তৈরী করছে তার তৈরী জিনিস কি তার বিষয় বলতে পারে, “সে আমাকে তৈরী করে নি”? পাত্র কি কুমারের বিষয়ে বলবে, “সে কিছুই জানে না”?
17অল্পকালের মধ্যে তো লেবাননের বন একটা উর্বর জমি হয়ে উঠবে আর উর্বর জমি বনের মত মনে হবে। 18সেই দিন বয়রারা সেই জড়ানো বইয়ের কথা শুনতে পাবে, আর গভীর অন্ধকারে থাকা অন্ধেরা দেখতে পাবে। 19নম্র লোকেরা আবার সদাপ্রভুকে নিয়ে আনন্দিত হবে, আর যারা খুব গরীব তারা ইস্রায়েলের সেই পবিত্রজনকে নিয়ে আনন্দ করবে। 20নিষ্ঠুরেরা আর থাকবে না; ঠাট্টা-বিদ্রূপ কারীরাও শেষ হয়ে যাবে, আর যারা মন্দ কাজ করতে চায় তাদের ধ্বংস করে ফেলা হবে। 21তারা মিথ্যা কথা দিয়ে মানুষকে দোষী করে, শহর-ফটকে নির্দোষীর পক্ষে থাকা লোককে ফাঁদে ফেলে এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষীকে ন্যায়বিচার পেতে দেয় না।
22সেইজন্য অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকোবের বংশ সম্বন্ধে বলছেন, “যাকোব আর লজ্জা পাবে না; তাদের মুখ আর ফ্যাকাশে হবে না। 23যখন তারা তাদের মধ্যে আমার হাতের কাজ, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের দেখবে তখন তারা আমাকে পবিত্র বলে মানবে। যাকোবের সেই পবিত্রজনকে তারা পবিত্র বলে স্বীকার করবে আর ইস্রায়েলের ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবে। 24যারা ঠিকভাবে বুঝতে পারে না তারা ভালভাবে বুঝতে পারবে, আর যারা অসন্তোষ প্রকাশ করে তারা শিক্ষা গ্রহণ করবে।”