Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

47
বাবিলের পতন
1সদাপ্রভু বলছেন, “হে কুমারী কন্যা বাবিল, তুমি নীচে নেমে ধুলায় বস; হে বাবিল, তুমি সিংহাসন ছেড়ে মাটিতে বস। তোমাকে আর কোমল ও আহ্লাদী বলা হবে না। 2তুমি যাঁতা নিয়ে গম পেষো আর তোমার ঘোমটা খুলে ফেল। তোমার কাপড় তুলে ঊরু খোলা রাখ আর নদীর মধ্য দিয়ে হেঁটে যাও। 3তোমার উলংগতা প্রকাশ পাবে আর তোমার লজ্জা ঢাকা থাকবে না। আমি প্রতিশোধ নেব, কারও অনুরোধ মানব না।”
4আমাদের মুক্তিদাতা হলেন ইস্রায়েলের সেই পবিত্রজন; তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু।
5সদাপ্রভু বলছেন, “হে বাবিল, তুমি চুপ করে বস; তুমি অন্ধকারের মধ্যে যাও। তোমাকে আর রাজ্যগুলোর রাণী বলে ডাকা হবে না। 6আমার লোকদের উপর আমার ক্রোধ জ্বলে উঠেছিল এবং আমার সম্পত্তিকে আমি অশুচি হতে দিয়েছিলাম। তাদের আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম আর তুমি তাদের প্রতি কোন দয়া দেখাও নি। এমন কি, বুড়ো লোকদের উপরেও তুমি ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলে। 7তুমি বলেছিলে, ‘আমি চিরকাল রাণীই থাকব।’ কিন্তু তুমি এই সব বিষয় চিন্তাও কর নি, কিম্বা এর শেষ ফল কি তা-ও ভেবে দেখ নি।
8“এখন, হে ভোগবিলাসিনী, শোন; তুমি নিশ্চিন্তে আরামে বসে মনে মনে বলছ, ‘কেবল আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই। আমি কখনও বিধবা হব না কিম্বা সন্তান হারাবার ব্যথা পাব না।’ 9কিন্তু সন্তান হারানো বা বিধবা হওয়া এ দু’টাই একই দিনে মুহূর্তের মধ্যে তোমার প্রতি ঘটবে। তোমার অনেক যাদুবিদ্যা ও অনেক মন্ত্রতন্ত্র থাকলেও তা তোমার উপর পুরোপুরিভাবেই ঘটবে। 10তোমার সেই দুষ্টতার উপর তুমি নির্ভর করেছ আর বলেছ, ‘কেউ আমাকে দেখছে না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথে নিয়ে গেছে; তুমি মনে মনে বলেছ, ‘কেবল আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই।’ 11কিন্তু তোমার উপর দুর্দশা নেমে আসবে, আর তুমি জানবে না কিভাবে যাদুর বলে তা দূর করা যাবে। তোমার উপর বিপদ এসে পড়বে, আর তুমি তা ঠেকাতে পারবে না। যে সর্বনাশের বিষয় তুমি আগে জানতে পার নি তা হঠাৎ তোমার উপর এসে পড়বে।
12“যে সব যাদুবিদ্যা ও মন্ত্রতন্ত্রের জন্য তুমি ছোটকাল থেকে পরিশ্রম করছ সেই সব তুমি চালিয়ে যাও। হয়তো তুমি সফল হবে, হয়তো তুমি ভয় দেখাতে পারবে। 13তুমি যে সব পরামর্শ পেয়েছ তা কেবল তোমাকে ক্লান্তই করেছে। তোমার জ্যোতিষীরা সামনে আসুক; তারাগুলো দেখে মাসের পর মাস যারা ভবিষ্যদ্বাণী করে তারা তোমার উপর যা আসছে তা থেকে তোমাকে রক্ষা করুক। 14তারা নাড়ার মত; আগুন সেগুলো পুড়িয়ে ফেলবে। তারা আগুনের শক্তির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে না। এই আগুন এমন কয়লার আগুন নয় যার সামনে বসে কেউ আগুন পোহাতে পারে বা যা থেকে আলো পেতে পারে। 15যাদের সংগে তুমি পরিশ্রম করেছ আর ছেলেবেলা থেকে ব্যবসা করেছ তারা ঐ রকমই হবে। তারা প্রত্যেকে নিজের নিজের পথে চলছে; একজনও নেই যে তোমাকে রক্ষা করতে পারে।”