Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

55
পিপাসিতদের নিমন্ত্রণ
1সদাপ্রভু বলছেন, “হে পিপাসিত লোকেরা, তোমরা সবাই জলের কাছে এস; যার পয়সা নেই সেও এসে কিনে খেয়ে যাক। এস, বিনা পয়সায়, বিনামূল্যে আংগুর-রস আর দুধ কেনো। 2যা কোন খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে? যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করবে? শোন, আমার কথা শোন, যা ভাল তা-ই খাও; তাতে সবচেয়ে ভাল খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে। 3আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আমার বিশ্বস্ততায় ভরা ভালবাসার দরুন আমি দায়ূদের কাছে যে প্রতিজ্ঞা করেছি সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। 4দেখ, আমি তাকে জাতিদের কাছে একজন সাক্ষী, একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি। 5সত্যিই, যে জাতিদের তোমরা চিনতে না তাদের ডাকবে আর সেই জাতিরা, যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রজনের জন্যই তারা তা করবে, কারণ তিনি তোমাদের গৌরবে পূর্ণ করেছেন।”
6সদাপ্রভু কাছে থাকতেই তাঁর দিকে ফেরো; তিনি কাছে থাকতে থাকতে তাঁকে ডাক। 7দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক আর মন্দ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে সদাপ্রভুর দিকে ফিরুক, তাতে তিনি তার উপর মমতা করবেন; আমাদের ঈশ্বরের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই ক্ষমা করবেন।
8সদাপ্রভু বলছেন, “আমার চিন্তা তোমাদের চিন্তার মত নয়, আমার পথও তোমাদের পথের মত নয়। 9মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু। 10বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে আর পৃথিবীকে জল দান না করে সেখানে ফিরে যায় না, বরং তাতে ফুল ও ফল ধরায় এবং যে বীজ বোনে তার জন্য শস্য আর যে খায় তার জন্য খাবার দান করে। 11ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছামত কাজ করবে আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে। 12তোমরা আনন্দের সংগে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড়-পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে গান গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে। 13কাঁটাঝোপের বদলে বেরস আর কাঁটাগাছের বদলে গুলমেঁদি জন্মাবে। সদাপ্রভুর সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে। সেই চিহ্ন কখনও ধ্বংস হবে না।”