Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

66
বিচার ও আশা
1সদাপ্রভু বলছেন, “স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখবার জায়গা। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরী করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে? 2এই সব জিনিস আমি নিজের হাতে তৈরী করেছি আর তাই এই সব হয়েছে। যে লোক নম্র, যার মন ভেংগে চুরমার হয়েছে এবং যে আমার কথায় কাঁপতে থাকে তাকে আমি ভাল চোখে দেখব। 3কিন্তু যে একটা গরু উৎসর্গ করছে সে যেন মানুষ খুন করছে, যে একটা ভেড়ার বাচ্চা উৎসর্গ করছে সে যেন কুকুরের ঘাড় ভেংগে দিচ্ছে, যে শস্য উৎসর্গ করছে সে যেন শূকরের রক্ত দিচ্ছে, আর যে আমার উদ্দেশে ধূপ জ্বালাচ্ছে সে যেন প্রতিমা পূজা করছে। তারা তাদের নিজের নিজের পথ বেছে নিয়েছে; তাদের ঘৃণার জিনিসগুলোতে তারা তৃপ্ত হয়। 4তাই আমিও তাদের উপর শাস্তির ব্যবস্থা বেছে নেব আর তারা যা ভয় করে তা-ই তাদের উপর আনব, কারণ আমি ডাকলে কেউ উত্তর দেয় নি, আমি কথা বললে কেউ শোনে নি। আমার চোখে যা মন্দ তা-ই তারা করেছে, আর আমাকে যা অসন্তুষ্ট করে তা-ই তারা বেছে নিয়েছে।”
5তোমরা যারা সদাপ্রভুর কথায় কাঁপ তোমরা তাঁর কথা শোন। তিনি বলছেন, “তোমাদের ভাইয়েরা তোমাদের ঘৃণা করে আর আমার জন্য তোমাদের বাতিল করে। তারা ঠাট্টা করে বলে, ‘সদাপ্রভুর গৌরব হোক, আমরা যেন তোমাদের আনন্দ দেখতে পাই।’ কিন্তু তারা নিজেরাই লজ্জায় পড়বে। 6শোন, শহরে গণ্ডগোল হচ্ছে; শোন, উপাসনা-ঘরে হৈ চৈ হচ্ছে; এ তো সদাপ্রভুর আওয়াজ- তাঁর শত্রুদের যা পাওনা তিনি তা-ই দিচ্ছেন।
7“প্রসব-বেদনা উঠবার আগেই সিয়োন সন্তানের জন্ম দিয়েছে; তার ব্যথা উঠবার আগেই সে এক ছেলের জন্ম দিয়েছে। 8কে এই রকম কথা শুনেছে? কে এই রকম ঘটনা দেখেছে? একটা দেশ কি এক দিনে জন্ম নিতে পারে? কিম্বা একটা জাতির কি এক মুহূর্তে জন্ম হয়? কিন্তু সিয়োনের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানদের জন্ম দিয়েছে। 9আমি তোমার ঈশ্বর সদাপ্রভু বলছি, ‘জন্মের মুহূর্ত পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে আমি কি জন্ম দিতে দেব না? আমি যখন জন্ম দেবার ব্যবস্থা করেছি তখন কি আমি জন্ম দিতে দেব না?’ ”
10তোমরা যারা যিরূশালেমকে ভালবাস তোমরা তার সংগে আনন্দ কর, তার জন্য খুশী হও; তোমরা যারা তার জন্য দুঃখ করেছ তোমরা তার সংগে আনন্দিত হও। 11তোমরা বুকের দুধ খেয়ে সান্ত্বনা পাওয়া শিশুর মত যিরূশালেমের উপ্চে পড়া মংগল ভোগ করে তৃপ্ত হবে।
12সদাপ্রভু বলছেন, “আমি তার দিকে নদীর মত করে মংগল বইয়ে দেব, আর জাতিদের ধন-সম্পদ তার কাছে বন্যার মত আসবে। তোমরা এমন শিশুর মত হবে যাকে দুধ খাইয়ে কোলে করে নেওয়া হয় আর হাঁটুর উপরে নাচানো হয়। 13মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয় তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব; আর তোমরা যিরূশালেমে সান্ত্বনা পাবে।”
14এই সব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে আর তোমরা ঘাসের মতই বেড়ে উঠবে। সদাপ্রভুর দাসেরা তাঁর শক্তি দেখতে পাবে, আর তাঁর শত্রুরা দেখতে পাবে তাঁর ক্রোধ। 15দেখ, সদাপ্রভু আগুনের মধ্যে আসবেন আর তাঁর রথগুলো ঘূর্ণিবাতাসের মত আসবে। তাঁর ক্রোধ তিনি ভয়ংকরভাবে প্রকাশ করবেন, আর তাঁর বকুনি আগুনের শিখায় প্রকাশিত হবে। 16সদাপ্রভু আগুন ও তলোয়ার সংগে নিয়ে সমস্ত মানুষের উপর তাঁর বিচারের কাজ চালাবেন; তিনি যাদের মেরে ফেলবেন তাদের সংখ্যা হবে অনেক। 17সদাপ্রভু বলছেন, “যারা শূকর ও ইঁদুরের মাংস আর অন্যান্য জঘন্য জিনিস খায় এবং অনুষ্ঠান-পরিচালকের পিছনে পিছনে পূজার বাগানে যাবার জন্য দেবতাদের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে রাখে ও শুচি করে, তারা একসংগে শেষ হয়ে যাবে। 18আমি তাদের সব কাজ ও কল্পনার কথা জানি। সমস্ত জাতি ও ভাষার লোকদের একত্র করবার সময় এসে গেছে। তারা এসে আমার মহিমা দেখতে পাবে।”
19সদাপ্রভু আরও বলছেন, “আমি তাদের মধ্যে একটা চিহ্ন স্থাপন করব এবং যারা বেঁচে থাকবে তাদের মধ্য থেকে কয়েকজনকে আমি জাতিদের কাছে পাঠাব- তর্শীশ, পূল ও নাম-করা ধনুকধারী লূদ, তূবল ও গ্রীসের কাছে এবং যে সব দূরের দেশগুলো আমার সুনাম শোনে নি ও আমার মহিমাও দেখে নি তাদের কাছে পাঠাব। তারা জাতিদের মধ্যে আমার মহিমার কথা ঘোষণা করবে। 20সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ হিসাবে তারা সমস্ত জাতির মধ্য থেকে তোমাদের ভাইদের রথ ও গাড়িতে করে এবং ঘোড়া, গাধা ও উটে করে নিয়ে আমার পবিত্র পাহাড় যিরূশালেমে আসবে। ইস্রায়েলীয়েরা যেমন শুচি পাত্রের মধ্যে শস্য-উৎসর্গের জিনিস আনে তেমনি করে তারা সদাপ্রভুর ঘরে তাদের নিয়ে আসবে। 21আমি তাদের মধ্য থেকে কয়েকজন লেবীয়কে পুরোহিত ও সেবাকারী হবার জন্য বেছে নেব।”
22সদাপ্রভু বলছেন, “যে নতুন মহাকাশ ও নতুন পৃথিবী আমি তৈরী করব তা যেমন আমার সামনে টিকে থাকবে তেমনি তোমাদের নাম ও তোমাদের বংশধরেরাও টিকে থাকবে। 23প্রত্যেক অমাবস্যায় ও প্রত্যেক বিশ্রামবারে সমস্ত লোক আমার সামনে এসে আমার উপাসনা করবে। 24তারা বের হয়ে সেই সব লোকদের মৃতদেহ দেখবে যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যে সব পোকা তাদের মৃতদেহ খায় সেগুলো মরবে না ও যে আগুন তাদের পোড়ায় তা নিভবে না, আর তারা সমস্ত মানুষের ঘৃণার পাত্র হবে।” ॥ভব