Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

18
কুমারের বাড়ীতে
1সদাপ্রভু যিরমিয়ের কাছে এই কথা প্রকাশ করলেন, 2“তুমি কুমারের বাড়ীতে যাও, সেখানে আমি তোমার সংগে কথা বলব।” 3সেইজন্য আমি কুমারের বাড়ীতে গেলাম এবং দেখলাম সে তার চাকে কাজ করছে। 4আমি আরও দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরী করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল; তখন সে তা নিয়ে তার ইচ্ছামত আর একটা পাত্র তৈরী করল।
5তখন সদাপ্রভু আমাকে বললেন, 6“আমি বলছি, ‘হে ইস্রায়েলের লোকেরা, আমি কি এই কুমারের মত তোমাদের সংগে ব্যবহার করতে পারি না? হে ইস্রায়েলের লোকেরা, কুমারের হাতের কাদার মতই তোমরা আমার হাতে আছ। 7-8কোন সময় আমি কোন জাতি বা রাজ্যের শিকড় সুদ্ধ উপ্ড়ে ফেলবার, ভেংগে ফেলবার এবং ধ্বংস করবার কথা ঘোষণা করলে যদি সেই জাতি আমার সাবধানবাণী শুনে তার মন্দতা থেকে ফেরে, তবে আমি যে বিপদ আনবার জন্য ঠিক করেছিলাম তা তার উপর আনব না। 9-10আর অন্য কোন সময় আমি কোন জাতি বা রাজ্যকে গড়ে তুলবার ও স্থাপন করবার কথা ঘোষণা করলে যদি সে আমার চোখে মন্দ কাজ করে এবং আমার কথা না শোনে, তবে তার জন্য যে মংগল করবার ইচ্ছা আমি করেছিলাম তা করব না।’
11“সেইজন্য এখন তুমি যিহূদার লোকদের ও যিরূশালেমের বাসিন্দাদের বল যে, সদাপ্রভু বলছেন, ‘দেখ, আমি তোমাদের জন্য বিপদের ব্যবস্থা করছি এবং তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করছি। কাজেই তোমরা প্রত্যেকে তোমাদের মন্দ পথ থেকে ফেরো ও তোমাদের চলাফেরা ও কাজ ভাল কর।’ 12কিন্তু তারা উত্তর দেবে, ‘কোন লাভ নেই। আমাদের পরিকল্পনা মতই আমরা চলব; আমরা প্রত্যেকে নিজের নিজের মন্দ অন্তরের একগুঁয়েমি অনুসারেই চলব।’ ”
13সেইজন্য সদাপ্রভু বলছেন, “জাতিদের মধ্যে খোঁজ করে দেখ, এর আগে এই রকম কথা কে শুনেছে? কুমারী ইস্রায়েল একটা জঘন্য কাজ করেছে। 14লেবাননের তুষার কি কখনও তার পাহাড়ের ঢালু জায়গা থেকে সম্পূর্ণ গলে যায়? দূর থেকে আসা তার ঠাণ্ডা জল বয়ে যাওয়া কি কখনও বন্ধ হয়ে যায়? 15কিন্তু আমার লোকেরা আমাকে ভুলে গিয়ে অসার প্রতিমার কাছে ধূপ জ্বালাচ্ছে। তারা ঠিক পথে উছোট খেয়ে সেই পুরানো পথে আর চলাফেরা করছে না। তারা ভাল রাস্তা ছেড়ে বিপথে চলেছে। 16সেইজন্য তাদের দেশ পতিত জমি এবং একটা স্থায়ী ঘৃণার জিনিস হয়ে থাকবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা অবাক হয়ে মাথা নাড়বে। 17তাদের শত্রুদের সামনে আমি পূবের বাতাসের মত তাদের ছড়িয়ে দেব; বিপদের দিনে আমি তাদের আমার মুখ নয় কিন্তু পিঠ দেখাব।”
যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র
18লোকেরা বলল, “চল, আমরা যিরমিয়ের বিরুদ্ধে ফন্দি আঁটি; কারণ পুরোহিতের কাছে আইন-কানুনের শিক্ষা, জ্ঞানীদের কাছে পরামর্শ ও নবীদের কাছে ঈশ্বরের বাক্য তো আছেই। কাজেই এস, আমরা আমাদের মুখের কথা দিয়ে তাকে দোষী করি আর তার কথায় মনোযোগ না দিই।”
19হে সদাপ্রভু, আমার কথা শোন; আমার বিপক্ষেরা আমার বিরুদ্ধে যা বলেছে তাতে মনোযোগ দাও। 20ভালোর শোধ কি মন্দ দিয়ে করা হবে? কিন্তু তারা তো আমার জন্য গর্র্ত খুঁড়েছে। মনে করে দেখ, তোমার ক্রোধ যাতে তাদের উপর থেকে ফিরে যায় সেইজন্য আমি তোমার সামনে দাঁড়িয়ে তাদের পক্ষ হয়ে কথা বলেছি। 21কাজেই তুমি তাদের সন্তানদের দুর্ভিক্ষের হাতে ছেড়ে দাও; তলোয়ারের হাতে তাদের তুলে দাও। তাদের স্ত্রীরা সন্তানহীনা ও বিধবা হোক; তাদের পুরুষ লোকেরা মড়কে মারা যাক, আর যুদ্ধে তলোয়ারের আঘাতে তাদের যুবকেরা কাটা পড়ুক। 22তুমি তাদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণকারী নিয়ে আসলে তাদের ঘর-বাড়ী থেকে কান্না শোনা যাক, কারণ আমাকে ধরবার জন্য তারা গর্ত খুঁড়েছে এবং আমার পায়ের জন্য ফাঁদ লুকিয়ে রেখেছে। 23কিন্তু হে সদাপ্রভু, আমাকে মেরে ফেলবার জন্য এই সব ষড়যন্ত্রের কথা তো তুমি জান। তাদের এই অন্যায় তুমি ক্ষমা কোরো না কিম্বা তোমার চোখের সামনে থেকে তাদের পাপ মুছে ফেলো না। তোমার সামনে তারা পড়ে যাক; তোমার ক্রোধের সময়ে তুমি তাদের শাস্তি দাও।