Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

24
দুই টুকরি ডুমুর ফল
1বাবিলের রাজা নবূখদ্নিৎসর যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিহোয়াখীন ও যিহূদার রাজকর্মচারী, কারিগর ও কর্মকারদের যিরূশালেম থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার পরে সদাপ্রভু আমাকে তাঁর ঘরের সামনে রাখা দুই টুকরি ডুমুর ফল দেখালেন। 2একটা টুকরিতে ছিল প্রথমে পাকা ডুমুরের মত খুব ভাল ডুমুর, আর অন্যটাতে ছিল খুব খারাপ ডুমুর, এত খারাপ যে, খাওয়া যায় না।
3সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?”
উত্তরে আমি বললাম, “ডুমুর; ভালগুলো খুবই ভাল, কিন্তু খারাপগুলো এত খারাপ যে, সেগুলো খাওয়া যায় না।”
4পরে সদাপ্রভু আমাকে বললেন, 5“আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি, যিহূদা থেকে যে বন্দীদের আমি এখান থেকে বাবিলীয়দের দেশে পাঠিয়েছি তাদের আমি এই ভাল ডুমুরের মতই মনে করব। 6আমি তাদের মংগলের জন্য তাদের উপর নজর রাখব এবং এই দেশে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেংগে ফেলব না; আমি তাদের লাগিয়ে দেব, তুলে ফেলব না। 7আমিই যে সদাপ্রভু তা জানবার অন্তর আমি তাদের দেব। তারা আমার লোক হবে আর আমি তাদের ঈশ্বর হব, কারণ সমস্ত অন্তর দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে।
8“কিন্তু এই খারাপ ডুমুর, যা এত খারাপ যে, খাওয়া যায় না, সেগুলোর মত করে আমি যিহূদার রাজা সিদিকিয়, তার রাজকর্মচারী ও যিরূশালেমের যে লোকেরা দেশে রয়ে গেছে কিম্বা মিসরে বাস করছে তাদের সংগে খারাপ ব্যবহার করব। 9আমি তাদের যেখানেই দূর করে দিই না কেন সেখানে আমি তাদের করে তুলব ভয়ের পাত্র, পৃথিবীর সমস্ত জাতির বিরক্তির কারণ, একটা টিট্কারির পাত্র, একটা চল্তি কথা ও একটা ঠাট্টার পাত্র। লোকে তাদের নাম নিয়ে অভিশাপ দেবে। 10আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশে যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক পাঠাব।”