Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

26
যিরমিয়কে মৃত্যুর ভয় দেখানো
1যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভু যিরমিয়কে বললেন, 2“আমি সদাপ্রভু বলছি, তুমি আমার ঘরের উঠানে গিয়ে দাঁড়াও এবং যিহূদার শহরগুলো থেকে যে সব লোক উপাসনার জন্য আমার ঘরে আসে তাদের সবাইকে আমি তোমাকে যে সব কথা বলতে আদেশ দিয়েছি তার প্রত্যেকটি কথা বল, একটা কথাও বাদ দিয়ো না। 3হয়তো তারা শুনবে এবং প্রত্যেকে তার মন্দ পথ থেকে ফিরে আসবে। তাহলে তাদের অন্যায় কাজের জন্য আমি তাদের উপর যে বিপদ আনবার পরিকল্পনা করেছি তা আর আনব না। 4তুমি তাদের এই কথা বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘তোমরা এতদিন আমার কথা শোন নি এবং তোমাদের সামনে আমি যে আইন-কানুন রেখেছি তা পালন কর নি; 5এছাড়া আমি বারে বারে আমার যে দাসদের, অর্থাৎ নবীদের তোমাদের কাছে পাঠিয়েছি তাদের কথাও শোন নি। 6তোমরা যদি এই রকম করতেই থাক তবে আমি এই ঘরটাকে শীলোর মত করব এবং এমন করব যাতে পৃথিবীর সমস্ত জাতি এই শহরের নাম নিয়ে অভিশাপ দেয়।’ ”
7সদাপ্র্রভুর ঘরে যিরমিয় যখন এই সব কথা বললেন তখন পুরোহিত, নবী ও সব লোকেরা তা শুনল। 8কিন্তু সদাপ্রভুর আদেশ মত যিরমিয় সব কথা বলা যেই শেষ করলেন তখনই পুরোহিত, নবী ও সমস্ত লোকেরা তাঁকে ধরে বলল, “তোমাকে মরতে হবে। 9কেন তুমি সদাপ্রভুর নাম নিয়ে এই ভবিষ্যদ্বাণী করছ যে, এই ঘর শীলোর মত হবে এবং এই শহরটা ধ্বংস ও জনশূন্য হবে?” এই বলে সব লোক সদাপ্রভুর ঘরে যিরমিয়কে ঘিরে ধরল।
10যিহূদার রাজকর্মচারীরা এই সব কথা শুনে রাজবাড়ী থেকে সদাপ্রভুর ঘরে আসলেন এবং সদাপ্রভুর ঘরের নতুন ফটকে ঢুকবার পথে বসলেন। 11তখন পুরোহিত ও নবীরা সেই রাজকর্মচারীদের ও সব লোকদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য, কারণ সে এই শহরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলেছে; আর তোমরা নিজের কানেই তা শুনেছ।”
12তখন যিরমিয় সব রাজকর্মচারী ও সব লোকদের বললেন, “আপনারা এই ঘর ও শহরের বিরুদ্ধে যা শুনলেন সেই সব কথা বলতে সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন। 13এখন আপনারা আপনাদের চলাফেরা ও কাজ সংশোধন করুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শুনুন। তাহলে সদাপ্রভু আপনাদের বিরুদ্ধে যে বিপদ পাঠাবার কথা বলেছেন তা আর পাঠাবেন না। 14দেখুন, আমি তো আপনাদের হাতেই রয়েছি; আপনারা যা ভাল ও ন্যায্য মনে করেন তা-ই আমার প্রতি করুন। 15তবে এটা নিশ্চয়ই জানবেন যে, আপনারা যদি আমাকে মেরে ফেলেন তবে নির্দোষের রক্তপাতের অন্যায় আপনারা নিজেদের উপরে এবং এই শহরের উপরে ও যারা এখানে বাস করে তাদের উপরে নিয়ে আসবেন; কারণ এই সব কথা আপনাদের শোনাবার জন্য সত্যিই সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।”
16তখন রাজকর্মচারীরা ও সব লোকেরা পুরোহিত ও নবীদের বললেন, “এই লোকটি মৃত্যুর শাস্তির উপযুক্ত নয়। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম করে আমাদের কাছে কথা বলেছেন।”
17এর পর দেশের বৃদ্ধ নেতাদের মধ্যে কয়েকজন এগিয়ে এসে জড়ো হওয়া সমস্ত লোকদের বললেন, 18“যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে মোরেষ্টীয় মীখা নবী হিসাবে কথা বলতেন। তিনি যিহূদার লোকদের বলেছিলেন, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন যে, সিয়োনকে ক্ষেতের মত করে চাষ করা হবে, যিরূশালেম হবে ধ্বংসের স্তূপ আর উপাসনা-ঘরের পাহাড়টা ঘন ঝোপ-ঝাড়ে ঢাকা পড়বে।’ 19যিহূদার রাজা হিষ্কিয় কিম্বা যিহূদার অন্য কেউ কি মীখাকে মেরে ফেলেছিলেন? হিষ্কিয় কি সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করেন নি এবং তাঁর দয়া ভিক্ষা করেন নি? এতে সদাপ্রভু লোকদের উপর যে বিপদ পাঠাবার কথা বলেছিলেন তা আর পাঠান নি। কিন্তু আমরা তো নিজেদের উপর একটা ভীষণ বিপদ ডেকে আনছি।”
20কিরিয়ৎ-যিয়ারীমের শময়িয়ের ছেলে ঊরিয় ছিলেন আর একজন যিনি সদাপ্রভুর নামে নবী হিসাবে কথা বলতেন। তিনিও যিরমিয়ের মত এই শহর ও এই দেশের বিরুদ্ধে একই রকম কথা বললেন। 21রাজা যিহোয়াকীম ও তাঁর সব সেনাপতি ও রাজকর্মচারীরা যখন ঊরিয়ের কথা শুনলেন তখন রাজা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করলেন। কিন্তু ঊরিয় সেই কথা শুনে ভয়ে মিসর দেশে পালিয়ে গেলেন। 22রাজা যিহোয়াকীম তখন অক্বোরের ছেলে ইল্নাথনকে এবং তাঁর সংগে আরও কয়েকজনকে মিসরে পাঠিয়ে দিলেন। 23তারা মিসর থেকে ঊরিয়কে নিয়ে এসে রাজা যিহোয়াকীমের কাছে নিয়ে গেল; রাজা তাঁকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তাঁর দেহ সাধারণ লোকদের কবরস্থানে ফেলে দিলেন।
24কিন্তু শাফনের ছেলে অহীকাম যিরমিয়ের পক্ষে ছিলেন, তাই যিরমিয়কে মেরে ফেলবার জন্য লোকদের হাতে দেওয়া হয় নি।