Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



31

1সদাপ্রভু বলছেন, “সেই সময় আমি ইস্রায়েলের সব গোষ্ঠীরই ঈশ্বর হব, আর তারা আমার লোক হবে।”

2সদাপ্রভু আরও বলছেন, “ইস্রায়েলীয়েরা যখন বিশ্রাম পাবার জন্য যাচ্ছিল তখন যারা যুদ্ধের হাত থেকে বেঁচেছিল তারা মরু-এলাকায় আমার দয়া পেয়েছিল।” 3সেই সময় ইস্রায়েলীয়েরা বলেছিল যে, সদাপ্রভু দূর থেকে তাদের দেখা দিয়েছিলেন। তখন সদাপ্রভু তাদের বলেছিলেন, “অশেষ ভালবাসা দিয়ে আমি তোমাদের ভালবেসেছি; অটল ভালবাসা দিয়ে আমি তোমাদের কাছে টেনেছি।”

4এখন তিনি বলছেন, “হে কুমারী ইস্রায়েল, আমি তোমাকে আবার গড়ে তুলব, তাতে তুমি আবার গড়ে উঠবে। তুমি আবার তোমার খঞ্জনি নেবে এবং আনন্দকারীদের সংগে নাচতে যাবে। 5শমরিয়ার পাহাড়ে আবার তুমি আংগুর ক্ষেত করবে; যারা ক্ষেত করবে তারা তার ফল খাবে। 6এমন একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়ের উপরে পাহারাদারেরা চেঁচিয়ে বলবে, ‘চল, আমরা সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যাই।’ ”

7সদাপ্রভু বলছেন, “তোমরা যাকোবের জন্য খুশী মনে গান কর; সবচেয়ে সেরা জাতির জন্য আনন্দধ্বনি কর। তোমরা প্রশংসা করে বল, ‘হে সদাপ্রভু, তোমার লোকদের, ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের উদ্ধার কর।’ 8দেখ, আমি উত্তরের দেশ থেকে ইস্রায়েলীয়দের নিয়ে আসব আর পৃথিবীর শেষ সীমা থেকে তাদের জড়ো করব। তাদের মধ্যে থাকবে অন্ধ, খোঁড়া, গর্ভবতী মা এবং প্রসব ব্যথা ওঠা স্ত্রীলোক; মস্ত বড় একটা দল ফিরে আসবে। 9তারা কাঁদতে কাঁদতে আসবে; আমি যখন তাদের ফিরিয়ে আনব তখন তারা প্রার্থনা করতে করতে আসবে। সমান পথ দিয়ে আমি জলের স্রোতের কাছে তাদের চালিয়ে নিয়ে আসব; সেখানে তারা উছোট খাবে না, কারণ আমি ইস্রায়েলের, অর্থাৎ ইফ্রয়িমের পিতা আর সে আমার প্র্রথম সন্তান।

10“হে জাতিরা, আমার বাক্য শোন; তোমরা দূরের দেশগুলোতে এই কথা ঘোষণা কর, ‘যিনি ইস্রায়েলকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি তাদের জড়ো করবেন এবং রাখালের মত করে তাঁর পাল রক্ষা করবেন।’ 11আমি সদাপ্রভুই যাকোবকে ছাড়িয়ে আনব এবং তাদের চেয়েও শক্তিশালীদের হাত থেকে তাদের মুক্ত করব। 12তারা এসে সিয়োনের উঁচু জায়গায় আনন্দধ্বনি করবে; আমার দেওয়া প্রচুর শস্য, নতুন আংগুর-রস, তেল, ভেড়া ও গরুর পালের বাচ্চা পেয়ে তারা আনন্দ করবে। তারা হবে ভাল করে জল দেওয়া বাগানের মত; তারা আর দুর্বল হবে না। 13কুমারী মেয়েরা নাচবে ও আনন্দ করবে, যুবক এবং বুড়ো লোকেরাও বাদ যাবে না। আমি তাদের শোক খুশীতে বদলে দেব; দুঃখের বদলে আমি তাদের দেব সান্ত্বনা ও আনন্দ। 14সব কিছু প্রচুর পরিমাণে দিয়ে আমি পুরোহিতদের পূর্ণ করব, আর আমার লোকেরা আমার আশীর্বাদে তৃপ্ত হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

15সদাপ্রভু বলছেন, “রামায় বিলাপ ও ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে; রাহেল তার সন্তানদের জন্য কাঁদছে, কিছুতেই শান্ত হচ্ছে না, কারণ তারা আর নেই। 16তোমার কান্নাকাটি থামাও ও চোখের জল মোছ, কারণ তোমার কাজের পুরস্কার তুমি পাবে। তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে। 17কাজেই তোমার ভবিষ্যতের জন্য আশা আছে। তোমার ছেলেমেয়েরা নিজেদের দেশে ফিরে আসবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।

18“আমি অবশ্যই ইফ্রয়িমের এই কাতর স্বর শুনেছি, ‘তুমি আমাকে অবাধ্য বাছুরের মত করে শাসন করেছ, আর তার ফলে আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কারণ তুমিই আমার ঈশ্বর সদাপ্রভু। 19আমি বিপথে যাওয়ার পর দুঃখিত হয়ে ফিরলাম, বুঝতে পেরে বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমানিত বোধ করলাম, কারণ আমার যুবা বয়সের পাপের জন্য আমাকে অসম্মানিত হতে হয়েছে।’ 20ইফ্রয়িম কি আমার প্রিয় পুত্র নয়? সে কি সেই সন্তান নয় যাকে দেখে আমি খুশী হই? যদিও আমি প্রায়ই তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু তবুও আমি তাকে সব সময় মনে রাখি। সেইজন্যই আমার প্রাণ তার জন্য কাঁদে; তার জন্য আমার খুব মমতা আছে।

21“তোমরা রাস্তায় রাস্তায় পথ নির্দেশ-করা চিহ্ন দাও ও খুঁটি স্থাপন কর। যে পথে তুমি গিয়েছিলে সেই রাজপথের কথা মনে রাখ। হে কুমারী ইস্রায়েল, ফিরে এস, তোমার সব শহরে তুমি ফিরে এস। 22হে বিপথে যাওয়া কন্যা, আর কতকাল তুমি ঘুরে বেড়াবে? আমি সদাপ্রভু পৃথিবীতে একটা নতুন ব্যাপার ঘটিয়েছি, তা হল, স্ত্রীলোক পুরুষকে ঘেরাও করবে।”

23ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “আমি যখন বন্দীদশা থেকে লোকদের ফিরিয়ে আনব তখন যিহূদা দেশ ও তার শহরগুলোর লোকেরা আবার বলবে, ‘হে সততাপূর্ণ বাসস্থান, হে পবিত্র পাহাড়, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’ 24সেই লোকেরা যিহূদা ও তার সব শহরগুলোতে বাস করবে এবং চাষীরা ও যারা তাদের পশুপাল নিয়ে ঘুরে বেড়ায় তারাও সেখানে থাকবে। 25আমি ক্লান্তদের সতেজ করে তুলব এবং দুর্বলদের অন্তর শক্তিশালী করব।”

26তখন আমি জেগে উঠে চারপাশে তাকালাম। আমার ঘুম আমার কাছে আরামের ছিল।

27সদাপ্রভু বলছেন, “সময় আসছে যখন আমি ইস্রায়েল ও যিহূদা দেশে লোকদের ও পশুদের চারার মত লাগিয়ে দেব। 28আমি যেমন করে তাদের উপ্‌ড়ে, ভেংগে ও ছুঁড়ে ফেলবার দিকে এবং তাদের উপর ধ্বংস ও বিপদ আনবার দিকে খেয়াল রেখেছিলাম তেমনি করে তাদের গড়ে তুলবার ও চারার মত লাগিয়ে দেবার দিকেও খেয়াল রাখব। 29সেই সময় লোকেরা আর বলবে না, ‘বাবারা টক আংগুর খেয়েছে, কিন্তু সন্তানদের দাঁত টকে গেছে।’ 30তার বদলে প্রত্যেকে নিজের পাপের জন্যই মরবে; যে টক আংগুর খাবে তার নিজের দাঁতই টকে যাবে।”

31সদাপ্রভু বলছেন, “সময় আসছে যখন আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের জন্য একটা নতুন ব্যবস্থা স্থাপন করব। 32মিসর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের আমি হাত ধরে বের করে আনবার সময় তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলাম এই নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার মত হবে না। আমি যদিও তাদের স্বামীর মত ছিলাম তবুও তারা আমার ব্যবস্থা ভেংগেছিল। 33পরে আমি ইস্রায়েলীয়দের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার আইন-কানুন আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের অন্তরেও তা লিখে রাখব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমারই লোক হবে। 34নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে কেউ এই বলে আর কখনও শিক্ষা দেবে না, ‘সদাপ্রভুকে চিনতে শেখ,’ কারণ সবাই আমাকে চিনবে। সেইজন্য আমি তাদের অন্যায় ক্ষমা করব, তাদের পাপ আর কখনও মনে রাখব না। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

35যিনি দিনের বেলা সূর্যকে আর রাতের বেলা চাঁদ ও তারাকে আলো দেবার জন্য হুকুম দেন, যিনি সমুদ্রকে তোলপাড় করেন যাতে তার ঢেউগুলো গর্জন করে, যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, 36তিনি বলছেন, “যদি এই নিয়মগুলো আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় তবে ইস্রায়েলীয়েরাও জাতি হিসাবে আমার সামনে থেকে শেষ হয়ে যাবে। 37যদি উপরের মহাকাশকে মাপা যায় এবং নীচে পৃথিবীর ভিত্তি খুঁজে পাওয়া যায় তবে ইস্রায়েলীয়েরা যা করেছে তার জন্য আমি তাদের অগ্রাহ্য করতে পারি। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

38সদাপ্রভু বলছেন, “সেই সময় আসছে যখন আমার জন্য হননেল-দুর্গ থেকে কোণার ফটক পর্যন্ত এই শহরটা আবার গড়ে তোলা হবে। 39মাপের দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত টানা হবে এবং তারপর ঘুরে গোয়াতে যাবে। 40গোটা উপত্যকাটা যেখানে মৃতদেহ ও ছাই ফেলা হয় এবং পূর্ব দিকে ঘোড়া-ফটকের কোণা পর্যন্ত কিদ্রোণ উপত্যকার সমস্ত মাঠ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা হবে। শহরটাকে আর কখনও উপ্‌ড়ে ফেলা বা ধ্বংস করা হবে না।”