Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

41
1-2ইলীশামার নাতি, অর্থাৎ নথনিয়ের ছেলে ইশ্মায়েল ছিল রাজার বংশের লোক ও রাজার উঁচু পদের কর্মচারীদের একজন। সে সপ্তম মাসে দশজন লোক সংগে নিয়ে মিসপাতে অহীকামের ছেলে গদলিয়ের কাছে আসল। তারা যখন একসংগে খাচ্ছিল, তখন ইশ্মায়েল ও তার সংগেকার দশজন লোক উঠে বাবিলের রাজার নিযুক্ত করা শাসনকর্তা গদলিয়কে তলোয়ারের আঘাতে মেরে ফেলল। 3এছাড়া মিসপাতে গদলিয়ের সংগে যে সব যিহূদীরা ছিল এবং সেখানে যে সব বাবিলীয় সৈন্য ছিল ইশ্মায়েল তাদের সবাইকে মেরে ফেলল।
4-5গদলিয় খুন হবার পরের দিন কেউ সেই কথা জানবার আগেই শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশিজন লোক তাদের দাড়ি কামিয়ে, কাপড়-চোপড় ছিঁড়ে ও নিজেদের দেহ কাটাকুটি করে শস্য-উৎসর্গ করবার জিনিস ও ধূপ নিয়ে সদাপ্রভুর ঘরে যাচ্ছিল। 6ইশ্মায়েল তাদের সংগে দেখা করবার জন্য কাঁদতে কাঁদতে মিসপা থেকে বের হল। সেই লোকদের সংগে দেখা হলে পর সে বলল, “অহীকামের ছেলে গদলিয়ের কাছে চল।” 7তারা শহরে ঢোকামাত্র ইশ্মায়েল ও তার সংগের লোকেরা সেই লোকদের মেরে ফেলে একটা কূয়ার মধ্যে ফেলে দিল। 8কিন্তু তাদের মধ্য থেকে দশজন ইশ্মায়েলকে বলল, “আমাদের মারবেন না। মাঠের মধ্যে আমাদের গম, যব, তেল ও মধু লুকানো রয়েছে।” সেইজন্য ইশ্মায়েল তাদের ছেড়ে দিল, অন্যদের সংগে মেরে ফেলল না। 9গদলিয় ও অন্যদের মেরে ফেলে যে কূয়ার মধ্যে সে তাদের সকলের মৃতদেহ ফেলে দিয়েছিল সেটা ইস্রায়েলের রাজা বাশার হাত থেকে রক্ষা পাবার জন্য রাজা আসা তৈরী করিয়েছিলেন। ইশ্মায়েল সেটা মৃতদেহ দিয়ে ভরে ফেলল।
10ইশ্মায়েল মিসপার বাকী সব লোকদের বন্দী করল। তাদের মধ্যে ছিল রাজার মেয়েরা ও সেখানে রেখে যাওয়া অন্য সব লোকেরা। রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন এই সব লোকদের উপরে গদলিয়কে নিযুক্ত করেছিলেন। ইশ্মায়েল তাদের বন্দী করে নিয়ে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য রওনা হল।
11কারেহের ছেলে যোহানন ও তার সংগের সৈন্যদলের সব সেনাপতিরা যখন ইশ্মায়েলের সব অন্যায় কাজের কথা শুনতে পেল, 12তখন তারা তাদের সব লোকদের নিয়ে তার সংগে যুদ্ধ করতে গেল। গিবিয়োনের বড় পুকুরের কাছে তারা তার নাগাল পেল। 13-14ইশ্মায়েল মিসপা থেকে যে সব লোকদের বন্দী করে নিয়ে যাচ্ছিল তারা যোহানন ও তার সংগের সৈন্যদলের সেনাপতিদের দেখে খুশী হল এবং ফিরে যোহাননের কাছে গেল। 15কিন্তু ইশ্মায়েল ও তার আটজন লোক যোহাননের কাছ থেকে পালিয়ে অম্মোনীয়দের কাছে গেল।
16তারপর যোহানন ও তার সংগের সৈন্যদলের সব সেনাপতিরা গিবিয়োন থেকে মিসপার বাদবাকী সব লোকদের ফিরিয়ে আনল। ইশ্মায়েল গদলিয়কে খুন করবার পর যোহানন তার হাত থেকে এই সব সৈন্যদের, স্ত্রীলোক ও ছেলেমেয়েদের এবং রাজকর্মচারীদের উদ্ধার করেছিল। 17তারা মিসরে যাবার পথে বৈৎলেহমের কাছে গেরুৎ কিম্হমে কিছু দিনের জন্য রইল। 18তারা বাবিলীয়দের ভয়ে যিহূদা থেকে পালাচ্ছিল, কারণ ইশ্মায়েল বাবিলের রাজার নিযুক্ত শাসনকর্তা গদলিয়কে মেরে ফেলেছিল।