Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

8
1সদাপ্রভু বলছেন, “সেই সময়ে যিহূদার রাজা ও উঁচু পদের কর্মচারীদের হাড়, পুরোহিত ও নবীদের হাড় এবং যিরূশালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলা হবে। 2সেই হাড়গুলো সূর্য, চাঁদ ও আকাশের সব তারার সামনে পড়ে থাকবে, কারণ তারা আকাশের সেই সবগুলোকে ভালবাসত ও সেবা করত এবং সেগুলোর পিছনে যেত আর তাদের সংগে পরামর্শ করত ও তাদের পূজা করত। সেই হাড়গুলোকে জড়ো করে কবর দেওয়া হবে না, বরং সেগুলো গোবরের মত মাটিতে পড়ে থাকবে। 3যেখানে আমি তাদের দূর করে দেব সেখানে এই দুষ্ট জাতির বেঁচে থাকা লোকেরা জীবনের চেয়ে মরণকেই পছন্দ করবে। এই কথা আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি।”
পাপ ও শাস্তি
4সদাপ্রভু আমাকে এই কথা বলতে বললেন, “লোকে পড়ে গেলে কি আর ওঠে না? বিপথে গেলে কি ফিরে আসে না? 5তবে কেন যিরূশালেমের এই লোকেরা বিপথে গিয়ে আর ফিরে আসে না? তারা ছলনাকে আঁকড়ে ধরে রাখে; তারা ফিরে আসতে অস্বীকার করে। 6আমি মন দিয়ে শুনেছি যে, তারা ঠিক কথা বলে না। দুষ্টতা থেকে মন ফিরিয়ে কেউ বলে না, ‘হায়, আমি কি করলাম!’ ঘোড়া যেমন দৌড়ে যুদ্ধে যায় সেই রকম ভাবে প্রত্যেকে নিজের নিজের পথে চলে। 7সারস পাখীও নিজের সময় জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সময়ের দিকে লক্ষ্য রাখে, কিন্তু আমার লোকেরা আমার নিয়ম-কানুনের দিকে মনোযোগ দেয় না।
8“তোমরা কেমন করে বল, ‘আমরা জ্ঞানী এবং সদাপ্রভুর আইন-কানুন আমাদের কাছে আছে।’ আসলে ধর্ম-শিক্ষকেরা আইন-কানুন ভুলভাবে ব্যাখ্যা করে মিথ্যা কথা লিখেছে। 9জ্ঞানী লোকেরা লজ্জিত ও হতভম্ব হয় আর ফাঁদে ধরা পড়ে। তারা যখন সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছে তখন তাদের কি রকমের জ্ঞান আছে? 10সেইজন্য তাদের স্ত্রীদের আমি অন্য লোকদের এবং তাদের ক্ষেত নতুন মালিকদের দিয়ে দেব। ছোট থেকে বড় পর্যন্ত সবাই লাভের জন্য লোভ করে; এমন কি, নবী ও পুরোহিত সবাই ছলনা করে। 11তারা আমার লোকদের ঘা এমনভাবে বেঁধে দেয় যেন তা বিশেষ কিছু নয়। তারা বলে ‘শান্তি, শান্তি,’ কিন্তু আসলে শান্তি নেই। 12তারা কি তাদের সেই জঘন্য কাজের জন্য লজ্জিত? না, তাদের কোন লজ্জা নেই; তারা লজ্জায় লাল হতে জানেই না। সেইজন্য তারা তাদের মধ্যে পড়বে যারা শাস্তি ভোগ করবে। আমি যখন তাদের শাস্তি দেব তখন তাদের নত করা হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
13সদাপ্রভু বলছেন, “তাদের আমি শেষ করে দেব। আংগুর লতায় কোন আংগুর থাকবে না, ডুমুর গাছে ডুমুর থাকবে না এবং সেগুলোর পাতা শুকিয়ে যাবে। আমি তাদের যা দিয়েছি তা আর থাকবে না।”
14আমরা এখানে বসে আছি কেন? চল, আমরা একসংগে দেয়াল-ঘেরা শহরগুলোতে পালিয়ে গিয়ে সেখানে ধ্বংস হই, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের জন্য ধ্বংসই ঠিক করে রেখেছেন এবং বিষাক্ত জল খেতে দিয়েছেন, কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি। 15আমরা শান্তির আশা করেছিলাম কিন্তু কোন মংগল হল না; আমরা সুস্থ হবার আশা করেছিলাম কিন্তু ভীষণ ভয় উপস্থিত হল। 16দান শহর থেকে শত্রুদের ঘোড়ার নাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলোর ডাকে গোটা দেশটা কাঁপছে। দেশ ও তার মধ্যেকার সব কিছু এবং শহর ও শহরবাসীদের তারা গ্রাস করতে আসছে।
17সদাপ্রভু বলছেন, “দেখ, আমি তোমাদের মধ্যে বিষাক্ত সাপ পাঠিয়ে দেব; সেই কালসাপ কোন মন্ত্রতন্ত্র মানবে না, সেগুলো তোমাদের কামড়াবেই।”
18আমার দুঃখ এত বেশী যে, তার সান্ত্বনা নেই; আমার মধ্যে আমার অন্তর ভীষণ দুঃখ পাচ্ছে। 19দূর দেশ থেকে আমার লোকদের এই কান্না শোনা যাচ্ছে, “সদাপ্রভু কি সিয়োনে নেই? তার রাজা কি আর সেখানে নেই?”
উত্তরে সদাপ্রভু বলছেন, “তারা তাদের সব মূর্তি ও তাদের অপদার্থ প্রতিমাগুলো দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে?”
20আমার লোকেরা বলছে, “ফসল কাটবার সময় চলে গেল, গরম কালও শেষ হয়ে গেল, কিন্তু আমরা তো উদ্ধার পেলাম না।”
21আমার লোকেরা ভেংগে পড়েছে বলে আমিও ভেংগে পড়েছি; আমি শোক করছি আর ভীষণ ভয় আমাকে ধরেছে। 22গিলিয়দে কি কোন মলম নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? তাহলে আমার লোকদের স্বাস্থ্য কেন ভাল হয় নি?