Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

10
1“আমার বেঁচে থাকাকেই আমি ঘৃণা করি,
তাই আমার দুঃখের কথা আমি খোলাখুলিভাবেই বলব
আর আমার প্রাণের তেতো অবস্থা থেকে কথা বলব।
2হে ঈশ্বর, আমাকে দোষী কোরো না,
কিন্তু আমার বিরুদ্ধে তোমার যে নালিশ আছে তা আমাকে জানাও।
3আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ?
তোমার হাতের কাজ কি তুমি পায়ে ঠেলছ
আর দুষ্টদের মতলবে খুশী হচছ?
4তোমার চোখ কি মানুষের চোখের মত?
মানুষ যেমন দেখে তুমিও কি তেমনি দেখ?
5মানুষের মতই কি তোমার দিনগুলো কাটে?
তাদের মতই কি তোমার বছরগুলো কাটে?
6তুমি কি সেজন্যই আমার দোষ খুঁজে বেড়াচছ
আর আমার পাপের তদন্ত করছ?
7তুমি তো জান আমি দোষী নই
আর তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।
8“তোমারই হাত আমাকে গড়েছে, তৈরী করেছে;
এখন তুমি কি ফিরে আমাকে ধ্বংস করবে?
9মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ;
এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?
10দুধের মত করে তুমি আমাকে ঢেলেছ
আর ছানার মত করে আমাকে জমাট করেছ।
11আমাকে চামড়া আর মাংস দিয়ে ঢেকেছ,
হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।
12তুমি আমাকে জীবন দিয়েছ, অটল ভালবাসা দেখিয়েছ;
তোমার যত্নে আমার প্রাণ রক্ষা পেয়েছে।
13কিন্তু এটাই তোমার অন্তরে তুমি লুকিয়ে রেখেছ,
আর আমি জানি এটাই তোমার মনে রয়েছে যে,
14যদি আমি পাপ করি, তুমি তা লক্ষ্য রাখবে
আর আমার দোষের শাস্তি না দিয়ে তুমি ছাড়বে না।
15যদি আমি দোষী হই তবে আমার উপর বিপদ আসবে।
যদি আমি নির্দোষও হই তবুও আমি মাথা তুলতে পারব না,
কারণ আমি লজ্জায় পূর্ণ হয়েছি আর কষ্টের মধ্যে ডুবে গেছি।
16যদি আমি মাথা উঁচু করি তবে তুমি সিংহের মত
আমার জন্য ওৎ পেতে থাকবে
আর আমাকে আবার তোমার ভয়ংকর শক্তি দেখাবে।
17আমার বিরুদ্ধে তুমি নতুন নতুন সাক্ষী দাঁড় করাচছ
আর আমার প্রতি তোমার বিরক্তি বাড়িয়ে তুলছ;
তোমার আক্রমণ একটার পর একটা আমার বিরুদ্ধে আসছে।
18“কেন তুমি মায়ের পেট থেকে আমাকে বের করে এনেছিলে?
কোন চোখ আমাকে দেখবার আগে কেন আমি মরলাম না?
19হায়, আমাকে যদি কখনও গড়া না হত,
কিম্বা পেট থেকে সোজা কবরে নিয়ে যাওয়া হত!
20আমার অল্প দিনের আয়ু প্রায় শেষ;
এবার তুমি আমাকে ছেড়ে দাও
যাতে আমি একটুক্ষণ আনন্দ করতে পারি।
21আমি শীঘ্রই অন্ধকার ও ঘন ছায়ার দেশে যাব;
আমি আর কখনও ফিরে আসব না।
22সেটা ঘোর অন্ধকারের দেশ,
ঘন ছায়া ও বিশৃঙ্খলার দেশ;
সেখানে আলোও অন্ধকারের মত।”